কলকাতায় শ্যামাপুজোর ব্যানার ছেঁড়া এবং কর্তব্যরত সিভিক পুলিশকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক ডাঃ শান্তনু সেন। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কলকাতা পুলিশের উপর আস্থা প্রকাশ করেছেন।
ডাঃ শান্তনু সেনের বক্তব্য অনুযায়ী, তিনি ‘পান্নালোক শ্যামাপুজো’র সভাপতি। এ বছর ওই পুজো ১৯তম বর্ষে পদার্পণ করেছে। পুজো উপলক্ষে এলাকায় বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হয়েছিল। তাঁর অভিযোগ, গতকাল রাত ১০টা ৪০ মিনিট নাগাদ তিনজন স্থানীয় যুবক সাতপুকুর অক্সিজেন ক্লাবের সামনে প্রকাশ্যে পুজোর ব্যানার ছিঁড়ে দেয়।
এরপর আজ রাত ১২টার পর দু’জন যুবক তাঁর বাড়ির সামনে এসে বাড়ির উল্টোদিকে লাগানো পুজোর ব্যানার ছিঁড়ে দেয় বলে অভিযোগ। সেই সময় সেখানে কর্তব্যরত সিভিক পুলিশ লিটন খান তাঁদের বাধা দিলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। অভিযোগ, তাদের ধাওয়া করার সময় দমদম রোডের কাছে মোটরবাইকে অপেক্ষারত কয়েকজনের সঙ্গে ওই দুই যুবক মিলে লিটন খানকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
খবর পেয়ে সিথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সিভিক পুলিশকে আরজি কর হাসপাতালে নিয়ে যায়। শান্তনু সেন জানিয়েছেন, তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের দেখা গিয়েছে। দমদম রোডের ফুটেজেও মারধরের ঘটনা স্পষ্ট হতে পারে বলে তাঁর দাবি। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ চিহ্নিত করেছে বলেও তিনি জানান।
দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লিটন খানের সাহসিকতার প্রশংসা করেছেন প্রাক্তন সাংসদ। তবে ঘটনার তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনও সামনে আসেনি।







