গ্রেফতারিতে বাধা নেই, হাইকোর্টে বলার পরে গ্রেফতার। ৫ জানুয়ারি, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। তারপর থেকে গা ঢাকা দেয় শেখ শাহজাহান। ক্ষোভের আগুনে জ্বলছিল সন্দেশখালি। মুখে মুখে কেবলই একটাই নাম শেখ শাহজাহান। যে কোন মূল্যে চাইছিল তার গ্রেফতারী।
রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, শেখ শাহজাহানকে আড়াল করছে বিচারব্যবস্থা। তৃণমূল নেতা বলেছিলেন, হাইকোর্ট যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোথা থেকে। সেই কথার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেছিলেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের কোনও স্থগিতাদেশ নেই। বুধবার ফের একবার আদালতের অবস্থান স্পষ্ট করে প্রধান বিচারপতি বলেন, কিছু ব্যক্তি এই ধারণা তৈরি করেছিলেন যে আদালত শেখ শাহাজাহানকে রক্ষা করছে। তাই আমরা এটা পরিষ্কার করে বলছি যে তাঁর গ্রেফতারির ওপর কোনও স্থগিতাদেশ নেই।
জানা গিয়েছে, শেখ শাহজাহানের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই, আজ ভোরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। দুপুর ১২ টায় বসিরহাট আদালতে তাঁকে পেশ করা হবে বলে খবর।






