আবহাওয়া অফিস জারি করলো, বুধবার থেকে দক্ষিণের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা। তবে মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে আবাওয়া দপ্তর।
বুধবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যথাক্রমে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায়। এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াতে পারে। বাকি সব জেলাতেও থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে মঙ্গল ও বুধবার জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে। এমনকী ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়াও বইতে পারে। বুধবারের পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি বদলাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।







