কলকাতার বুকে ফের রক্তাক্ত উর্দি। শনিবার রাতে উত্তরের নর্থ পোর্ট থানা চত্বরে ভয়াবহ হামলার মুখে পড়লেন এক সাব-ইনস্পেক্টর ও এক কনস্টেবল। নেশার প্রতিবাদ করায় ছুরি চালিয়ে দিল এক ফুল ব্যবসায়ী! গুরুতর আহত দুই পুলিশ কর্মী বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত সাব-ইনস্পেক্টরের নাম পার্থ চাঁদ। তাঁর সঙ্গে ছিলেন কনস্টেবল শুখেন্দু মাঝি। রাতে নিয়মমাফিক টহলদারির সময়, এলাকার এক পরিচিত ফুল বিক্রেতাকে রাস্তার ধারে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পান তাঁরা। বাধা দিতেই আচমকা ছুরি বার করে এলোপাথাড়ি কোপ চালায় অভিযুক্ত। মুহূর্তে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন দুই পুলিশ কর্মী।
সেই সময় এলাকায় থাকা আরও কয়েকজন পুলিশ ছুটে এসে অভিযুক্তকে চেপে ধরে। উদ্ধার করা হয় আহত অফিসারদের। এরপরই দ্রুত হাসপাতালে পাঠানো হয় তাঁদের। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম সুলতান। এলাকারই বাসিন্দা, ফুল বিক্রি করে দিন গুজরান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুলতানের আগেও বখাটেপনার একাধিক অভিযোগ রয়েছে। মাঝে মধ্যেই তাঁকে হাতে লোহার রড নিয়ে ঘুরতে দেখা যেত।
নর্থ পোর্ট থানার তরফে একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। এক নেশাগ্রস্ত দুষ্কৃতীর হাতে শহরের নিরাপত্তারক্ষী আহত হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কতটা নিরাপদ কলকাতা পুলিশেরই সদস্যরা?
এই ঘটনার পর শহরের পুলিশ বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ও মনোবলে বড়সড় ধাক্কা লাগতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।







