সম্প্রতি ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়ার খবর ঘিরে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন বলিউডের গ্ল্যামার আইকন দীপিকা পাড়ুকোন। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার দাবি, অভিনেত্রীর ২৫ কোটি পারিশ্রমিকের চাহিদা এবং নির্দিষ্ট ৮ ঘণ্টার শুটিং সময়ের দাবি মেনেই তাঁকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। দীপিকার অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অভিনেত্রী নিজে এই বিতর্কে বিশেষ আমল দিতে নারাজ। সমালোচনার তোয়াক্কা না করে দীপিকা এগিয়ে চলেছেন নিজের ছন্দে। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে পরিচালক অ্যাটলির পরবর্তী বিগ বাজেট সিনেমায় অভিনয় করছেন তিনি। এই খবর ইতিমধ্যেই উচ্ছ্বাসে ভাসিয়েছে তাঁর অনুরাগীদের। এর মধ্যেই সামনে এল আরও এক হৃদয়স্পর্শী খবর, যা দীপিকার ব্যক্তিত্বের এক অন্য দিক তুলে ধরে।
১০ জুন, মঙ্গলবার, প্রাক্তন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনের ৭০তম জন্মদিনে, এক বিশেষ উপহারের ঘোষণা করলেন অভিনেত্রী। দেশের বিভিন্ন প্রান্তে আগামী এক বছরের মধ্যে ৭৫টি ‘পাডুকোন স্কুল অফ ব্যাডমিনটন’ চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে বাবার সঙ্গে একটি মুহূর্ত ভাগ করে নিয়ে দীপিকা লিখেছেন,”আমি ছোটোবেলা থেকে ব্যাডমিনটন খেলেছি। তাই জানি, এই খেলা কীভাবে একজনের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক হতে পারে। এই উদ্যোগের মাধ্যমে আমরা প্রত্যেক স্তরের মানুষকে ছুঁয়ে যেতে চাই।” বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে দীপিকা লেখেন,”বাবা, যারা তোমাকে চেনে তারা জানে, ব্যাডমিনটনের প্রতি তোমার প্রেমটা কতটা গভীর। ৭০ বছর বয়সেও খাওয়া, ঘুম আর নিঃশ্বাসে রয়েছে শুধু এই খেলা। তোমার সেই প্যাশনকে বাস্তব রূপ দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। ব্যাডমিনটন হবে সবার জন্য।”
দীপিকার অভিনয়যাত্রাও কম অনুপ্রেরণামূলক নয়। বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওর মাধ্যমে যাত্রা শুরু করে ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’-এর মাধ্যমে বলিউডে প্রবেশ করেন তিনি। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের জায়গা পাকাপোক্ত করেন ইন্ডাস্ট্রিতে। আজ দীপিকা শুধুমাত্র বলিউড নয়, দক্ষিণী ছবিতেও একক আধিপত্য কায়েম করেছেন। এখন অপেক্ষা, অ্যাটলির পরবর্তী ছবিতে দীপিকা-আল্লু জুটির নজরকাড়া পারফরম্যান্স দেখার। প্রথম ঝলকেই যেভাবে চমক দিয়েছেন, তাতে সিনেমাপ্রেমীরা আশা করছেন আরও বড়ো কিছু। একদিকে পেশাগত সাফল্য, অন্যদিকে ব্যাক্তিত্ব , দীপিকা পাড়ুকোন যেন আজকের নারীর এক উজ্জ্বল প্রতিচ্ছবি।







