সুপার কাপ শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। তবে প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। ২৫ অক্টোবর থেকে গোয়ায় শুরু হতে চলা মরশুমের প্রথম বড় টুর্নামেন্টকে কেন্দ্র করে মোহনবাগান ফেডারেশনকে এক চিঠি দিয়েছে। দাবি তুলেছে— এই প্রতিযোগিতায় সর্বোচ্চ চার বিদেশিকে খেলার অনুমতি দেওয়া হোক। তাদের যুক্তি, বেশি বিদেশি খেলালে সুযোগ কমে যাবে ভারতীয় ফুটবলারদের। ফলে জাতীয় দলের স্বার্থে বিদেশি সংখ্যা কমানো জরুরি।
এবারের সুপার কাপে ক্লাবগুলোকে ছয়জন বিদেশি নথিভুক্ত করার পাশাপাশি ছয়জনকেই খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে ফেডারেশন। তবে মোহনবাগানের চিঠি সেই সিদ্ধান্তে প্রশ্ন তুলেছে। উল্লেখযোগ্য বিষয়, ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে কয়েক মাস আগেই বলেছিলেন, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ঘরোয়া লিগে বিদেশির সংখ্যা কমানো প্রয়োজন। মোহনবাগান সেই মন্তব্যকেই সামনে রেখে চিঠি দিয়েছে।
অতীতে একবার সুপার কাপে ছয় বিদেশি খেলানোর নজির থাকলেও পরিস্থিতি ছিল ভিন্ন। তখন জাতীয় দলের একাধিক ফুটবলার আন্তর্জাতিক দায়িত্বে ব্যস্ত থাকায় ফেডারেশন ওই ছাড় দিয়েছিল। এবার সেই পরিস্থিতি নেই। তাই মোহনবাগানের মতে, ভারতীয় খেলোয়াড়দের মাঠে বেশি করে সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়। কয়েকদিন আগে ইস্টবেঙ্গলও একই বিষয়ে ফেডারেশনের কাছে স্পষ্টতা চেয়েছিল।
এবারের সুপার কাপে আইএসএলের সব দলই খেলবে, তবে অংশ নেবে না ওড়িশা এফসি। যোগ হবে চারটি আই লিগ দল— ইন্টার কাশী, রিয়াল কাশ্মীর, গোকুলাম কেরালা ও রাজস্থান ইউনাইটেড। বৃহস্পতিবার ভার্চুয়াল ড্রয়ের মাধ্যমে গ্রুপ নির্ধারণ হবে। মরশুমের প্রথম প্রতিযোগিতা হিসেবে সুপার কাপ আরও আকর্ষণীয় হয়ে উঠছে কারণ জয়ী দল পাবে ২০২৬-’২৭ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা পর্বে খেলার সুযোগ।







