রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ফের মাথাচাড়া দিল নীতি সংঘাত। প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্তকে ঘিরে তৃণমূলেরই শিক্ষক সংগঠনের মধ্যে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। শিক্ষা পর্ষদের বক্তব্য— বিএলও-র কাজে বর্তমানে অধিকাংশ শিক্ষক ব্যস্ত, তাই নির্ধারিত সময়সূচিতে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন সম্ভব নয়। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ তৃণমূল-ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষক সংগঠনের একাংশ।
ঘটনার সূত্রপাত, রাজ্যের সরকারি ও সরকার-পোষিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে আগামী দু’মাস ধরে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত থেকে। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত খেলা হওয়ার কথা ছিল। তবে শিক্ষক সংগঠনের দাবি, বিএলও-র দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষকদের পক্ষে এই প্রতিযোগিতায় যুক্ত হওয়া বাস্তবসম্মত নয়। তাই খেলাকে নির্ধারিত সময়ে করার পক্ষে তারা জোরালো আবেদন জানান পর্ষদের কাছে।
তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের দাবি— “আগামী দু’মাস খেলা সম্ভব নয়। ১১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আগের পরিকল্পনাই বজায় থাকুক।” এই উদ্দেশে রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলা থেকে পর্ষদ সভাপতি বরাবর আবেদন জানানো হয়।
একদিকে পর্ষদ, অন্যদিকে তৃণমূলেরই শিক্ষক সংগঠনের ভিন্ন অবস্থান— ফলে স্বাভাবিকভাবেই শাসকদলের অন্তর্দ্বন্দ্ব সামনে চলে এসেছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, এটি আসলে তৃণমূলের ভেতরকারই এক ‘খেলা হবে’ বিতর্ক। আর সেই বিতর্কের কেন্দ্রে এখন নতুন নাম — মইদুল ইসলাম।
সম্প্রতি তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি হয়েছেন মইদুল। রাজনৈতিক মহলে তাঁকে দেখা হয় দলের ভেতরের ‘সরকার-বিরোধী’ কণ্ঠস্বর হিসেবে। তাঁর ‘কামব্যাক’-এর পর থেকেই শিক্ষক সংগঠনের অবস্থান আরও স্পষ্ট, আরও দৃঢ়। ফলে নতুন সভাপতি আসতেই নতুন নীতি যুদ্ধ— একদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অন্যদিকে শিক্ষক সংগঠন।
সর্বশেষ সিদ্ধান্তে পর্ষদ জানিয়েছে, শিক্ষকরা বর্তমানে নির্বাচনী দায়িত্ব ও বিএলও-র কাজে ব্যস্ত, তাই ক্রীড়া প্রতিযোগিতা এখন স্থগিত। পর্ষদের এই সুরকে অনেকে দেখছেন তৃণমূলের শিক্ষক সংগঠনের প্রতি নীরব স্বীকৃতি হিসেবেই।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা— এ যুদ্ধে বিজয়ের শিঙ্গা স্পষ্টতই উঠল ‘ব্রাত্য-বিরোধী’ মইদুলের হাতেই।
তৃণমূলের অন্দরের এই নীতি সংঘাত রাজ্য রাজনীতিতে আগামীদিনে আরও নতুন সমীকরণ তৈরি করবে— এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।







