জেলা

আরামবাগ মেডিক্যালে পেটে গজ রেখেই সেলাই! সাত মাসের যন্ত্রণার শেষে মৃত্যু প্রসূতির

আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে গুরুতর চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। সন্তান জন্মের সাত মাস পর মৃত্যু হল এক প্রসূতির। অভিযোগ, অস্ত্রোপচারের সময় রোগিনীর পেটে গজ রেখেই সেলাই করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন অসহ্য যন্ত্রণা ভোগ করার পর অবশেষে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

মৃত প্রসূতির নাম রমা পাকিড়া। তিনি হুগলি জেলার খানাকুলের বাসিন্দা। পরিবারের অভিযোগ, সাত মাস আগে প্রসববেদনা নিয়ে রমাকে আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর সন্তানের জন্ম হয়। প্রথমদিকে সব কিছু স্বাভাবিক মনে হলেও হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর থেকেই রমার পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়। ক্রমশ সেই যন্ত্রণা অসহনীয় হয়ে ওঠে।

পরিবারের দাবি, জেলার একাধিক হাসপাতাল এবং পরে কলকাতার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হলেও সঠিক রোগ নির্ণয় করা যায়নি। শেষ পর্যন্ত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। চিকিৎসকদের দাবি অনুযায়ী, সন্তান জন্মের সময় অস্ত্রোপচারের পর রমার পেটে একটি গজ রেখেই সেলাই করে দেওয়া হয়েছিল। সেই গজের কারণেই সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

পরবর্তী অস্ত্রোপচারের জন্য রমাকে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। মৃতার স্বামী পীযুষ পাকিড়ার অভিযোগ, চিকিৎসকের চরম অবহেলার কারণেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। দোষী চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি ও মৃতার পরিবার। এই ঘটনায় আরামবাগ মেডিক্যাল কলেজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.