পুজোর ভিড়ে একটু অসাবধান হলেই হাতছাড়া হতে পারে শিশু। একইভাবে ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারেন প্রবীণরাও। এমন পরিস্থিতিতে নিখোঁজ শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের খুঁজে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পঞ্চমী, অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকেই শহরের রাস্তায় নামছে ‘বন্ধু কলকাতা’। এদিন লালবাজারে ‘বন্ধু কলকাতা’র ১০টি গাড়ির উদ্বোধন করবেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এরপর শহরের বিভিন্ন প্রান্তে ঘুরবে ওই গাড়িগুলি।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর সময় মণ্ডপ এবং রাস্তায় বিপুল ভিড়ের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শিশু ও প্রবীণরা। ভিড়ের চাপে অনেক সময় মণ্ডপ কিংবা রাস্তায় পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এমন পরিস্থিতিতে তারা আতঙ্কিত হয়ে পড়ে। এই সময় তাদের পাশে দাঁড়াবে ‘বন্ধু কলকাতা’র বিশেষ দল।
এই উদ্যোগে কলকাতা পুলিশের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে রাজ্য সরকারের কয়েকটি দপ্তর এবং বিভিন্ন এনজিও। প্রতিটি গাড়িতে থাকবেন একজন সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, একজন কনস্টেবল, একজন মহিলা কনস্টেবল এবং একজন এনজিও কর্মী।
বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শহরের ১০টি ডিভিশনে অর্থাৎ কার্যত গোটা কলকাতাতেই টহল দেবে এই গাড়িগুলি। শিশুদের যাতে ভয় না লাগে, সেই কথা মাথায় রেখে গাড়িগুলি বেলুন দিয়ে সাজানো থাকবে। পাশাপাশি থাকবে চিপস ও চকোলেট। উদ্ধার হওয়া শিশুদের হাতে সেগুলি তুলে দেওয়া হবে। তাঁদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কথা বলবেন পুলিশকর্মীরা।
শুধু রাস্তায় নয়, বিভিন্ন পুজো মণ্ডপেও নজরদারি চালাবে ‘বন্ধু কলকাতা’। কোনও শিশু বা প্রবীণ নিখোঁজ হয়েছেন কি না, তা খতিয়ে দেখবেন গাড়িতে থাকা পুলিশকর্মীরা। কাউকে একা বা অসহায় অবস্থায় পাওয়া গেলে তাঁকে সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হবে। শিশুদের রাখা হবে থানার চাইল্ড ফ্রেন্ডলি রুমে। মহিলা পুলিশকর্মীরা তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন, যাতে নিখোঁজ শিশু বা প্রবীণদের কোনওরকম অসুবিধায় পড়তে না হয়।
এর পাশাপাশি, কোনও পুজো মণ্ডপে অভিভাবক এসে তাঁদের সন্তান নিখোঁজ হওয়ার খবর জানালে তা দ্রুত সংশ্লিষ্ট থানায় পৌঁছে দেওয়া হবে। এরপর সেই তথ্য কলকাতার অন্যান্য থানাতেও জানানো হবে। নিখোঁজ শিশু বা প্রবীণের সন্ধান মিললে তথ্য মিলিয়ে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
শুধু সন্ধ্যা বা রাতেই নয়, ভোররাত পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় ঘুরবে ‘বন্ধু কলকাতা’র গাড়ি। পথে কোনও শিশু বা প্রবীণকে একা বা নিখোঁজ অবস্থায় দেখা গেলে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যাবে পুলিশ। পুজোর ভিড়ে যাতে প্রিয়জন হারিয়ে গেলেও দ্রুত তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের।







