শীত যেন ব্যাট হাতে নেমে দুরন্ত ইনিংস খেলছে বাংলার আকাশে। টানা কয়েকদিন ধরে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে শহর থেকে গ্রাম। শুক্রবারের পর শনিবারও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়ে গেল ১২ ডিগ্রির ঘরে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এখনও অনেকটাই কম।
কলকাতার পাশাপাশি দক্ষিণ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেই শীতের দাপট চোখে পড়ার মতো। ভোরের কুয়াশা, ঠান্ডা হাওয়া আর কম তাপমাত্রা মিলিয়ে জনজীবন কার্যত স্থবির।
আর কতদিন এই কনকনে ঠান্ডা?
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত তীব্র শীত থেকে দ্রুত মুক্তির সম্ভাবনা নেই। শনিবার ও রবিবার—এই দু’দিন সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। আগামী সপ্তাহের শুরুতে পারদ সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে, তবে তাতে শীতের কামড় উল্লেখযোগ্যভাবে কমবে না বলেই মত আবহাওয়াবিদদের।
দক্ষিণবঙ্গে রেকর্ড ঠান্ডা
চলতি মরশুমে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নজিরবিহীন ঠান্ডা অনুভূত হচ্ছে। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা— সর্বত্রই কনকনে হাওয়া।
কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদেও গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ একই রকম।
উত্তরবঙ্গে শীতের ‘সুনামি’
উত্তরবঙ্গে শীত কার্যত আরও ভয়ংকর রূপ নিয়েছে। দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা কখনও ৩, কখনও ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে। কালিম্পংয়ে পারদ ঘোরাফেরা করছে ৮–৯ ডিগ্রির আশেপাশে।
কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুর-সহ প্রায় সব জেলাতেই ‘বাম্পার ঠান্ডা’ অনুভূত হচ্ছে।







