জেলা

বেলদায় ওভারব্রিজ ও ট্রেন পরিষেবার দাবিতে রেল যাত্রীদের মিছিল–ধর্না, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

বেলদা, নিজস্ব সংবাদদাতা:
অবিলম্বে বেলদা ২৪ নম্বর রেলগেটে ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু, বেলদা লোকাল ট্রেনকে সরাসরি বেলতলা–হাওড়া পর্যন্ত সম্প্রসারণ, উত্তর ও দক্ষিণ ভারতগামী দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বেলদায় দেওয়া এবং বাঘাযতীন–জাজপুর খুরদা রোড ট্রেনটিকে আগের মতো লোকাল ট্রেন হিসেবে চালানোর দাবিতে রবিবার বেলদা শহরে মিছিল ও গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হল।

বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়। শতাধিক মানুষ এই মিছিলে অংশ নেন। মিছিলটি বেলদা বাজার পরিক্রমা করে কেশিয়াড়ি মোড়ে পৌঁছয়। পরে রবীন্দ্র মূর্তির পাদদেশে গণঅবস্থান ও সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপনেশ দে, অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত জানা, নাগরিক প্রতিরোধ মঞ্চের জেলা সম্পাদক সুরঞ্জন মহাপাত্র, বিশিষ্ট ব্যবসায়ী জ্ঞানেন্দ্রনাথ পাত্র ও রাজু চান্ডক, প্রধান শিক্ষক দীপঙ্কর তেওয়ারি, সৌমেন বাগ, সঞ্জয় মোদক, সূর্যকান্তি নন্দ, বিশ্বজিৎ পাহাড়ি, অ্যাডভোকেট সমীর রায় সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি।

সমিতির সম্পাদক রামলাল রাঠি ও সভাপতি প্রদীপ দাস জানান, ২০১৪ সাল থেকে বেলদা স্টেশনের সার্বিক উন্নয়নের দাবিতে লাগাতার আন্দোলন চলছে। ২৪ নম্বর রেলগেটে ওভারব্রিজ না থাকায় সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়ছেন। বিশেষ করে অসুস্থ রোগী, প্রসূতি মা ও দুর্ঘটনাগ্রস্তদের দীর্ঘক্ষণ রেলগেটে আটকে থাকতে হয়। এই সমস্যার জেরে একাধিক মর্মান্তিক ঘটনার কথাও তুলে ধরা হয়। তবুও প্রশাসনিক উদ্যোগে এখনও ওভারব্রিজ নির্মাণ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে।

বক্তারা স্পষ্ট জানান, দ্রুত ওভারব্রিজ নির্মাণ, লোকাল ট্রেনের সম্প্রসারণ ও দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে রেল অবরোধের পথেও হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.