জলপাইগুড়ি: সহকর্মীর শেষযাত্রায় নিজের কাঁধ বাড়িয়ে দিলেন থানার দুই পদস্থ আধিকারিক। রাজগঞ্জে সিভিক ভলান্টিয়ার আজিজুল হকের শেষবিদায়ের এমনই এক আবেগঘন দৃশ্য মন ছুঁয়ে গেল উপস্থিত সকলের। দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুলিশ মহলে নেমে আসে শোকের ছায়া।
রাজগঞ্জ থানার অধীন বেলাকোবা ফাঁড়িতে কর্মরত ছিলেন আজিজুল হক। প্রিয় সহকর্মীকে শেষবিদায় জানাতে এগিয়ে আসেন রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস এবং বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুন্ডু। জানাজার একদিকে কাঁধ দেন আইসি, অন্যদিকে কাঁধ বাড়িয়ে দেন ওসি। দুই উর্দিধারী আধিকারিকের এই মানবিক ভূমিকা আবেগাপ্লুত করে তোলে উপস্থিত বহু মানুষকে।
এই দৃশ্য যেন মনে করিয়ে দিল, কর্তব্যের গণ্ডি পেরিয়ে সহকর্মীদের মধ্যে গড়ে ওঠে এক গভীর আত্মিক সম্পর্ক। পদমর্যাদা কিংবা দায়িত্বের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে সহমর্মিতা ও ভালোবাসা।
আজিজুল হকের অকালমৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মীরা। তাঁর পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।







