কলকাতা

রথের সাজে ট্রাম, জগন্নাথ-বলরাম-শুভদ্রাকে নিয়ে আজ কলকাতার পথে ঐতিহ্যের বিশেষ যাত্রা

আজ রথযাত্রা উপলক্ষে রাজ্যজুড়ে উৎসবের আমেজ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—বিভিন্ন প্রান্তে বের হবে জগন্নাথদেবের রথ। তবে এ বছর কলকাতাবাসী দেখতে চলেছেন এক অভিনব উদ্যোগ। শহরের ট্রামপ্রেমীদের উদ্যোগে ঐতিহ্যবাহী ট্রামেই সফর করবেন জগন্নাথ, বলরাম ও শুভদ্রা।

এই উপলক্ষে একটি দু’কামরার ট্রামকে রথের আদলে বিশেষভাবে সাজানো হয়েছে। ট্রামের ভেতরে প্রতিষ্ঠা করা হবে জগন্নাথ, বলরাম ও শুভদ্রার বিগ্রহ। পাশাপাশি থাকবে একটি ছোট রথও। ট্রামের ভিতর ও বাইরের অংশ সাজানো হবে জগন্নাথদেবের বিভিন্ন ছবি ও রঙিন আলোকসজ্জায়। গড়িয়াহাট থেকে যাত্রা শুরু করে এসপ্ল্যানেড হয়ে শ্যামবাজার পর্যন্ত চলবে এই বিশেষ ট্রাম। চলন্ত ট্রামের মধ্যেই পুজোর আয়োজন করা হবে। এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ট্রামযাত্রা এবং ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন।

আয়োজকদের জানানো হয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ গড়িয়াহাট থেকে ট্রামটি রওনা দেবে এবং এসপ্ল্যানেড হয়ে শ্যামবাজার টার্মিনাসে পৌঁছাবে। তাঁদের বক্তব্য, কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তোলা এবং শহরের ঐতিহ্য সংরক্ষণের বার্তা দিতেই এই বিশেষ আয়োজন। গত প্রায় তিন দশক ধরে ট্রাম সংরক্ষণ ও পুনরুজ্জীবনের লক্ষ্যে কাজ করে চলেছে সংগঠনটি। রাজ্য সরকারের ট্রাম পরিষেবা ফের চালুর উদ্যোগকেও তারা স্বাগত জানিয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংহ, অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির।

সংগঠনের সদস্যদের দাবি, আগের সরকারের সময় ট্রাম পরিষেবা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে পড়েছিল। সেই সময় থেকেই ট্রামকে বাঁচিয়ে রাখার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। নতুন সরকার ট্রামকে আধুনিক রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় তাঁরা আশাবাদী। তাঁদের মতে, বিদেশি মানের আধুনিক ট্রাম চালুর পরিকল্পনা শহরের ঐতিহ্যকে নতুন করে জীবন্ত করে তুলবে। কারণ, ট্রাম শুধুমাত্র একটি যানবাহন নয়, কলকাতার ইতিহাস ও আবেগের অবিচ্ছেদ্য অংশ।

সংগঠনের পক্ষ থেকে মহাদেব শী বলেন, “শহরে ট্রাম চালু রাখার লড়াই আমরা বহু বছর ধরে করে আসছি। নতুন সরকার আমাদের দাবিকে গুরুত্ব দিয়ে ট্রামকে নতুনভাবে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত ও আশাবাদী।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.