জেলা

‘রাজনীতিতে আসাটাই ভুল ছিল’, শেষ চিঠিতে আক্ষেপ আশিসের! ছাত্রজীবন থেকে রাজনীতি—মৃত্যুর আগে কী লিখে গেলেন প্রবীণ নেতা?

রামপুরহাটে তৃণমূলের প্রবীণ নেতা তথা পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের বাড়ির একতলার পার্টি অফিসের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি চিঠি, যেটিকে পুলিশ প্রাথমিক ভাবে ‘সুইসাইড নোট’ বলে মনে করছে।

পরিবারের দাবি, মৃত্যুর আগের রাত পর্যন্ত স্বাভাবিকই ছিলেন আশিস। বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেছেন, হাসিঠাট্টা করেছেন, খাওয়াদাওয়া করে ঘুমোতেও গিয়েছিলেন। কিন্তু সকালে আচমকাই তাঁর মৃত্যুর খবর সামনে আসে।

উদ্ধার হওয়া চিঠিতে নিজের দীর্ঘ রাজনৈতিক ও অধ্যাপনার জীবনের নানা কথা লিখেছেন আশিস। ছাত্র রাজনীতি দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল বলে উল্লেখ রয়েছে। পাশাপাশি তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের প্রসঙ্গও এসেছে। সেখানে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, পর্ষদে তাঁর কোনও আর্থিক বা প্রশাসনিক ক্ষমতা ছিল না। কোনও পরিকল্পনা অনুমোদন কিংবা চেকে সই করার ক্ষমতাও তাঁর ছিল না বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

নিজের শিক্ষকতার জীবন নিয়েও আবেগঘন কথা লিখেছেন আশিস। রামপুরহাট কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করার সময় নিয়মিত ক্লাস নেওয়া, বিশেষ ক্লাস করা এবং বহু ছাত্রছাত্রীকে বিনা পারিশ্রমিকে পড়ানোর কথা উল্লেখ করেছেন। ছাত্রদের কাছ থেকে কখনও টাকা নেননি বলেও দাবি করেছেন তিনি।

চিঠিতে বারবারই তিনি নিজেকে কোনও ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন। চাকরি সংক্রান্ত দুর্নীতি, আর্থিক লেনদেন কিংবা টাকার বিনিময়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশটি রয়েছে পরিবারের উদ্দেশে লেখা কথায়। সেখানে আশিস লিখেছেন, রাজনীতিতে আসাটাই তাঁর ভুল হয়েছিল। রাজনীতিতে এসে তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন বলেও আক্ষেপ করেছেন। পরিবারের কাউকে ভবিষ্যতে রাজনীতিতে না আসার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ভাইয়ে ভাইয়ে সম্পর্ক অটুট রাখার কথাও লিখেছেন।

চিঠির একেবারে শেষ দিকে লেখা রয়েছে, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন। সেই শেষ বার্তার সত্যতা ও মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গভীর আলোড়ন তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.