নদিয়া: ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ রুপোর গহনা উদ্ধার করল বিএসএফ। শুক্রবার সন্ধ্যায় নদিয়ার ভীমপুর থানার মহাখোলা সীমান্ত এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। উদ্ধার হওয়া রুপোর গহনার মোট ওজন ৩ কেজি ৬৪৭ গ্রাম।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মহাখোলা সীমান্তে নিয়মিত টহল চলছিল। সেই সময় কয়েকজন ব্যক্তির গতিবিধি সীমান্তরক্ষীদের নজরে আসে। অভিযোগ, তাঁরা তারকাটার ওপার থেকে বাংলাদেশের দিকে একটি ব্যাগ ছোড়ার চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে আসতেই বিএসএফ জওয়ানরা তাঁদের ধাওয়া করেন।
বিএসএফের তাড়া খেয়ে সন্দেহভাজনরা ঘটনাস্থলেই ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে বিপুল পরিমাণ রুপোর গহনা উদ্ধার হয়। এর মধ্যে রুপোর আংটি, চেন-সহ বিভিন্ন ধরনের গহনা ছিল বলে জানা গিয়েছে।
উদ্ধার হওয়া সমস্ত গহনা নিয়ম মেনে ভীমপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় কারা জড়িত, কোথা থেকে গহনাগুলি আনা হয়েছিল এবং বাংলাদেশে পাচারের পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক সন্দেহভাজন পাচারকারীদের পরিচয় জানার পাশাপাশি তাঁদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।







