দেশ

ছয় রাজ্যে নতুন রাজ্যপাল, রাষ্ট্রপতির অনুমোদন; সিকিমে দুষ্যন্ত, কেরলে ওমপ্রকাশ

ছয়টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগে চূড়ান্ত অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার রাতে রাষ্ট্রপতির সম্মতির পর এ বিষয়ে সরকারি বিবৃতি প্রকাশ করা হয়। তামিলনাড়ুর রাজ্যপাল হিসাবে দায়িত্ব পেতে চলেছেন রাজেন্দ্র আর্লেকর। এতদিন তিনি ওই রাজ্যের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। নতুন মুখ্যমন্ত্রী থলপতি বিজয়কেও তিনিই শপথবাক্য পাঠ করিয়েছিলেন। সিকিমের নতুন রাজ্যপাল হচ্ছেন দুষ্যন্ত গৌতম। পাশাপাশি কেরল, কর্নাটক, ওড়িশা এবং উত্তরাখণ্ডেও নতুন রাজ্যপাল নিয়োগ করা হয়েছে।

নবনিযুক্ত রাজ্যপালদের মধ্যে পাঁচজনই এর আগে সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেছেন। রাজেন্দ্র আর্লেকর অবশ্য এর আগে বিহার ও হিমাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন।

বিজেপির নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বাধীন সংগঠনে দুষ্যন্ত গৌতম জায়গা না পাওয়ার পর থেকেই জল্পনা ছিল, তাঁকে কোনও গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব দেওয়া হতে পারে। সেই জল্পনাই সত্যি হল। সিকিমের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পেলেন তিনি। এতদিন সিকিমের রাজ্যপালের দায়িত্বে থাকা ওমপ্রকাশ মাথুরকে এবার কেরলের রাজ্যপাল করা হয়েছে। প্রবীণ বিজেপি নেতা ওমপ্রকাশ দীর্ঘ সময় রাজ্যসভার সাংসদ ছিলেন।

অন্যদিকে, বিজেপির সংসদীয় বোর্ডের সদস্য সুধা যাদবকে কর্নাটকের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। তিনিও এর আগে সাংসদ হিসাবে দায়িত্ব সামলেছেন। ওড়িশার নতুন রাজ্যপাল হচ্ছেন ব্রজমোহন রাম। পালামৌয়ের প্রাক্তন সাংসদ এবার রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করবেন।

আগামী বছরের গোড়াতেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে ওই রাজ্যের রাজ্যপাল পদে পরিবর্তন আনা হল। নতুন রাজ্যপাল হিসাবে দায়িত্ব পাচ্ছেন ধল সিং বিষেন। মধ্যপ্রদেশের বলাঘাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন তিনিও।

রাষ্ট্রপতির দফতরের সোমবারের বিবৃতিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে নতুন রাজ্যপালরা যেদিন দায়িত্বভার গ্রহণ করবেন, সেদিন থেকেই তাঁদের নিয়োগ কার্যকর হবে।

প্রসঙ্গত, চলতি বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপাল নিয়োগ ঘিরে যথেষ্ট চর্চা হয়েছিল। ভোটের প্রায় দেড় মাস আগে আচমকাই বাংলার তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেন। এরপর নতুন রাজ্যপাল হিসাবে আরএন রবির নাম ঘোষণা করা হয়। এর আগে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। তাঁর নিয়োগ ঘিরে তামিলনাড়ুর তৎকালীন শাসকদল ডিএমকেও তীব্র আপত্তি জানিয়েছিল। দলের অভিযোগ ছিল, ‘যেখানেই যান সংবিধান, গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষতি করেন।’ ফলে বাংলার নতুন রাজ্যপাল নিয়োগ নিয়েও রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.