স্বাস্থ্য

বারবার পেটব্যথা মানেই কি গ্যাস? ওষুধ খেয়েও কমছে না যন্ত্রণা, লুকিয়ে থাকতে পারে গুরুতর রোগ!

পেটে ব্যথা হলেই অধিকাংশের প্রথম ধারণা, নিশ্চয়ই গ্যাস বা বদহজম হয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই গ্যাসের ওষুধ কিংবা ব্যথানাশক খেয়ে নেন অনেকে। সাময়িকভাবে যন্ত্রণা কমে গেলেও কিছুদিন পর আবার ফিরে আসে সেই সমস্যা। কখনও তলপেটে, কখনও পেটের উপরের অংশে অস্বস্তি। কিন্তু বারবার এমন হলে বিষয়টিকে সাধারণ হজমের সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া মোটেই ঠিক নয়। চিকিৎসকদের মতে, পেটের এই যন্ত্রণার নেপথ্যে লুকিয়ে থাকতে পারে একাধিক জটিল শারীরিক সমস্যা।

সাধারণত গ্যাস বা বদহজমের কারণে পেটে ব্যথা হলে কিছুটা সময়ের মধ্যে উপশম পাওয়া যায়। কিন্তু ওষুধ খাওয়ার পরেও যদি ব্যথা বারবার ফিরে আসে, তাহলে তার প্রকৃত কারণ খুঁজে বের করা জরুরি। আলসার, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম (IBS), আমাশয়, অ্যাপেন্ডিসাইটিস, পিত্তথলিতে পাথর কিংবা কিডনিতে পাথর— নানা কারণেই পেটে যন্ত্রণা হতে পারে। প্রতিটি রোগের ক্ষেত্রে ব্যথার ধরন ও উপসর্গও আলাদা।

বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক বিক্রম জে রাওয়ের মতে, অনেক সময় অন্ত্রের জটিল সমস্যার কারণেও বারবার পেটে ব্যথা হতে পারে। ব্যথানাশক ওষুধ সাময়িক স্বস্তি দিলেও তাতে রোগের মূল কারণ দূর হয় না। তাই যন্ত্রণাকে চেপে না রেখে তার উৎস খুঁজে বের করা প্রয়োজন।

কী এই স্মল-বাওয়েল ইনটাসাসেপশন?

বারবার পেটে ব্যথার অন্যতম একটি বিরল কারণ হতে পারে স্মল-বাওয়েল ইনটাসাসেপশন। এই সমস্যায় অন্ত্রের একটি অংশ পাশের অংশের ভিতরে ঢুকে যায়। ফলে খাবার ও অন্যান্য পদার্থের স্বাভাবিক চলাচলে বাধা তৈরি হতে পারে। এর জেরে পেটে তীব্র ব্যথা-সহ একাধিক জটিলতা দেখা দেয়।

কিছু ক্ষেত্রে অন্ত্রের ভিতরে মাংসপিণ্ড বা নন-ক্যানসারাস টিউমার, যেমন ইন্টেস্টিনাল লাইপোমা, এই সমস্যার কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা ও সমস্যার গভীরতা বুঝে অস্ত্রোপচারের পরামর্শ দিতে পারেন। প্রয়োজন অনুযায়ী ল্যাপারোস্কোপিক রিসেকশন পদ্ধতিতে অন্ত্রের ক্ষতিগ্রস্ত অংশ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

পেটে ব্যথা দীর্ঘদিন ধরে চললে কিংবা চিকিৎসার পরেও বারবার ফিরে এলে অবহেলা করা উচিত নয়। বিশেষ করে ব্যথার সঙ্গে বমি, জ্বর, পেট ফুলে যাওয়া, পায়খানায় রক্ত অথবা পায়খানা ও গ্যাস বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। হঠাৎ তীব্র পেটব্যথা হলে জরুরি চিকিৎসা নিতে হবে।

মনে রাখবেন, সব পেটব্যথার কারণ গ্যাস বা বদহজম নয়। নিজের ইচ্ছেমতো ব্যথানাশক কিংবা গ্যাসের ওষুধ খেয়ে সমস্যা চাপা দেওয়ার চেষ্টা বিপজ্জনক হতে পারে। বারবার পেটে ব্যথা হলে সঠিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কারণ নির্ণয় করাই সবচেয়ে জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.