কেন্দ্রীয় মন্ত্রিসভায় কি এবার জায়গা পেতে চলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য? রাজনৈতিক মহলে এখন এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। সূত্রের দাবি, আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে পারে। আর সেই রদবদলেই পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বাংলার বিজেপি সভাপতি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দলের তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।
সূত্রের খবর, গত বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকেই সম্ভাব্য মন্ত্রিসভার রদবদল নিয়ে আলোচনা এবং নতুন মন্ত্রীদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে দাবি রাজনৈতিক সূত্রের। সেই সম্ভাব্য তালিকায় শমীক ভট্টাচার্যের নাম রয়েছে বলেও খবর।
জল্পনা অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ নিতে পারেন শমীক। তাঁকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে কোন মন্ত্রকের দায়িত্ব তাঁর হাতে উঠতে পারে, তা এখনও স্পষ্ট নয়।
**শাহের সঙ্গে শুভেন্দুর বৈঠক ঘিরে জল্পনা**
শমীকের সম্ভাব্য কেন্দ্রীয় মন্ত্রিত্বের খবর সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের বিষয়টিও এই আলোচনার অন্যতম কারণ হতে পারে।
বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি কার্যকর থাকলে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর শমীককে রাজ্য সভাপতির পদ ছাড়তে হতে পারে। সেক্ষেত্রে বাংলায় দলের পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
**রাজ্য বিজেপির সভাপতি পদে কে?**
শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব ছাড়লে তাঁর জায়গায় কাকে আনা হবে, তা নিয়ে দলের অন্দরে আলোচনা চলছে বলে সূত্রের দাবি। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর দিল্লি সফর এবং অমিত শাহের সঙ্গে বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
তবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল কিংবা শমীকের নতুন দায়িত্ব—কোনও বিষয়েই এখনও মুখ খোলেননি রাজ্য বিজেপির নেতারা। ফলে আপাতত জল্পনার কেন্দ্রেই রয়েছেন শমীক ভট্টাচার্য। আগামী সপ্তাহে কেন্দ্রের মন্ত্রিসভায় রদবদল হলে ছবিটা স্পষ্ট হতে পারে।







