কলকাতা

গ্রেড ওয়ান বন্দির মর্যাদা চেয়ে আদালতে আবেদন শান্তনুর, আপাতত সাধারণ বন্দিদের সঙ্গেই প্রেসিডেন্সি জেলে প্রাক্তন ওসি

জমি দখল এবং বেআইনি নির্মাণকে কেন্দ্র করে তৈরি হওয়া এক চক্র চালানোর অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। গ্রেফতারের পর থেকেই সামনে আসছে তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ। মুর্শিদাবাদের কান্দিতে তাঁর বিলাসবহুল বাড়ি ঘিরেও শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ, সোনা পাপ্পু ও জয় কামদারের মতো অভিযুক্তদের সঙ্গে যোগসাজশ করে জমি-বাড়ি দখল এবং ভয় দেখানোর মতো কাজেও যুক্ত ছিলেন তিনি। যিনি একসময় আইনরক্ষকের দায়িত্বে ছিলেন, এখন তাকেই থাকতে হচ্ছে বন্দিদের সঙ্গে।

দুর্নীতির মামলায় শান্তনুকে গ্রেফতার করেছে ইডি। তদন্তের স্বার্থে এখনও বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এদিন আদালতে শান্তনুর আইনজীবীরা তাঁকে প্রথম শ্রেণির বা গ্রেড ওয়ান বন্দির মর্যাদা দেওয়ার আবেদন জানান।

বৃহস্পতিবার শুনানিতে শান্তনুর পক্ষের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের প্রাণনাশের আশঙ্কা রয়েছে। কারণ, অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ তদন্তে যুক্ত থাকার সময়ে বহু অভিযুক্তকে গ্রেফতার করেছিলেন শান্তনু, যাদের মধ্যে কয়েকজন বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি। সেই কারণে সাধারণ বন্দিদের সঙ্গে রাখলে নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে বলেও আদালতে জানানো হয়। প্রয়োজনে তাঁকে আলাদা সেলে রাখার আবেদনও করা হয়েছে।

অন্যদিকে, ইডি-র আইনজীবীরা এই আবেদনের বিরোধিতা করেন। তাঁদের বক্তব্য, কেন শান্তনুকে বিশেষ সুবিধা দিয়ে গ্রেড ওয়ান বন্দি হিসেবে রাখা হবে, তা আগে স্পষ্ট হওয়া প্রয়োজন। জেল কর্তৃপক্ষের মতামতও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে আদালতে জানানো হয়।

শুনানির পর আদালত আগামী ১ জুন পর্যন্ত শান্তনুকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তবে আপাতত তাঁকে প্রেসিডেন্সি জেলে অন্যান্য বন্দিদের সঙ্গেই থাকতে হবে। গ্রেড ওয়ান বন্দির মর্যাদা দেওয়ার আবেদন খারিজ করা হয়নি, কিন্তু সে বিষয়ে এখনও কোনও নির্দেশও দেয়নি আদালত। আগামী সোমবার এ নিয়ে বিশেষ শুনানি হবে। তারপরই আদালত সিদ্ধান্ত নেবে শান্তনু সিনহা বিশ্বাস প্রথম শ্রেণির বন্দির মর্যাদা পাবেন কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.