আজ সকাল থেকে একদিকে যখন আসানসোলের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন কাউন্সিলার সোহরাব আলির বাড়িতে তল্লাশি অভিযানে নেমেছে আয়কর দফতরের আধিকারিকরা। সাতদিনের ব্যবধানে এবার সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর।সূত্রের খবর, সকাল থেকে বাইরনের গোটা বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাইরনের বাড়ির পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূমের একাধিক এলাকাতেও চলছে আয়করের হানা। অন্যদিকে তখন, রাজ্যের আরও এক বিধায়কের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। ডোমকলের তৃণমূলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই অভিযান চলেছিল।
সূত্রের খবর, তল্লাশির জন্য আয়কর কর্তারা মঙ্গলবার রাতেই পৌঁছে গিয়েছিলেন মুর্শিদাবাদ। আর আজ ভোর থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে শুরু হয় অভিযান। বাইরনের বাড়ি, গুদাম, নার্সিংহোম-সহ বিধায়কের একাধিক প্রতিষ্ঠানে একযোগে চলছে অভিযান এমনকি রঘুনাথগঞ্জে বাইরনের স্কুলেও তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকেরা। আয়কর দফতরের কাছে তথ্য রয়েছে বিড়ি শিল্প, নার্সিংহোম ছাড়া আরও বেশ কিছু ব্যবসার সঙ্গে তিনি জড়িত। আর সেই সংক্রান্ত ব্যবসায়িক লেনদেনের হদিস পেতেই আয়কর হানা। গোপন সূত্রে খবর, শুধু বাইরন নন, তাঁর ব্যবসা দেখভাল করেন যে ঘনিষ্ঠেরা, তাঁদেরও জিজ্ঞাসাবাদ এবং তাঁদের বাড়িতেও তল্লাশি চালাতে পারে আয়কর দফতর।
বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বাইরন। আর তাঁর মাধ্যমেই বিধানসভায় খাতা খুলেছিল কংগ্রেস। তবে বেশিদিন বাইরন কংগ্রেসে না থেকে ফলপ্রকাশের কয়েক মাসের মধ্যেই তিনি তৃণমূলে যোগদান করেন।







