সিসিটিভির সূত্র ধরে মোবাইল দোকানে চুরি যাওয়া মোবাইলের হদিস পেল সোনারপুর থানার পুলিশ। ঘটনায় এক মহিলা সহ গ্রেপ্তার মোট তিনজন৷ চুরি যাওয়া মোবাইল, হাতফেরি হয়ে বাংলাদেশে চলে যেত বলে জানা গিয়েছে৷ বাংলাদেশে এইসব মোবাইল আরও বেশী দামে বিক্রি করা হত৷ যারা এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল, হুন্ডির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকত৷ এই ঘটনার তদন্তে নেমে সোনারপুরের খুঁড়িগাছি এলাকা থেকে কনিকা জানা, জলঙ্গী এলাকা থেকে শশধর দাস ও মুর্শিদাবাদ এলাকা থেকে নাইমুর রহমান নামে মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
সোনারপুরের রাজপুর এলাকা থেকে ৫ই মার্চ ভোররাতে একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে৷ এই দোকান থেকে নামীদামি কোম্পানীর ৮ টার বেশী মোবাইল চুরি হয়ে যায়। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হলে, ঘটনার তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। দোকানের মধ্যে দুজনকে চুরি করতে দেখা যায়৷ চুরি যাওয়া মোবাইলের কয়েকটি ব্যবহার শুরু হওয়ায় তার IMEI নাম্বার ট্র্যাক করে জলঙ্গী এলাকা থেকে শশধরকে গ্রেফতার করে পুলিশ৷ তার কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়৷ তাকে জিজ্ঞাসাবাদ করে জলঙ্গী থেকে নাইমুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়৷ সেও এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল৷ এদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সোনারপুরের খুড়িগাছি এলাকায় কনিকা জানার বাড়িতে তল্লাশি চালালে সেখান থেকেও বেশ কিছু মোবাইল উদ্ধার করে পুলিশ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে মোবাইল চুরি করার পর তা কনিকার বাড়িতে স্টোর করা হত৷ তারপর সময় সুযোগ মত মোবাইলগুলি পাচার করা হত মুলত মালদা ও মুর্শিদাবাদ এলাকায়৷ সেখান থেকে পাচার করা হত বাংলাদেশে । এই চক্রের সাথে আরও অনেকেই যুক্ত আছে বলে মনে করছে পুলিশ৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান চালাচ্ছে৷







