সোমবার দলের বিএলএ দের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটি। সেই সভাতে ২০০১ সালে বিধানসভা নির্বাচনের সময়ে ডিলিমিটেশন মাথায় রেখে বর্তমানের ভোটার তালিকা ম্যাপিং করা হচ্ছে কিনা , সেটা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগে কলকাতায় ১০০টা ওয়ার্ড ছিল৷ এখন ১৪৪টা৷ কারণ ২০০৯ সালে ডিলিমিটেশন হয়েছিল৷ এটা নির্বাচন কমিশন ভেবেছে? বিএলও-দের গালাগালি দেওয়ার আগে তাঁদের ট্রেনিং দিয়েছিলেন? চাইলে আমার গলা কেটে দিতে পারেন৷ কিন্তু আমি মানুষের কথা বলব৷ কাউকে না কাউকে তো মুখ খুলতেই হবে৷”
মুখ্যমন্ত্রী আরো বলেন, “যখন ডিলিমিটেশন হল এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে চলে গেলেন৷ আগে ভবানীপুর কেন্দ্রটা ছিল আলিপুর৷ এরকম সব জেলা, সব বিধানসভায় হয়েছে৷ ম্যাপিংটাই তো ভুল, এটা বিরাট ব্লান্ডার৷ ২০০২-এর পর যে সীমানা পুনর্বিন্যাস হয়েছিল, সেটা আপনাদের মাথায় ছিল? ২০০২-এ একজন ভোটার যে ওয়ার্ডের বাসিন্দা ছিল, আজকে তিনি অন্য ওয়ার্ডের বাসিন্দা৷” বাংলায় যেখানে a হয়, সেটা ইংরেজিতে হয়ে যাচ্ছে aa। এই পুরো বিষয়টি ইংরেজি নির্ভর করার কারণে প্রান্তিক ও দরিদ্র মানুষের জন্য বেশ জটিল হয়ে উঠেছে।
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি বলেন, ২০০২ সালে সমস্ত জায়গায় কি ইনস্টিটিউশলান ডেলিভারি হত? তখনকার দিনে বাড়িতে সন্তান জন্ম হত। সেই বিষয়টি উপেক্ষা করে এসআইআরের ক্ষেত্রে নথির অমিলের জন্য বেশিরভাগ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ২০০২ সালের এপিক নম্বরের সঙ্গে বর্তমানের এপিক নম্বরের কোনো মিল নেই বলে অভিযোগ তোলেন মমতা। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কতজন মানুষ নিজের এপিক নম্বর খুঁজে বের করতে পারবেন? ধরেও নেওয়া যাক ৫০ শতাংশ পারবেন—বাকিদের কী হবে?







