গত ১৬ই ফেব্রুয়ারি সন্ধ্যায় হুগলির কোন্নগরে মৃত্যু হয় আট বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে কানাইপুর আদর্শনগর ইংলিশ রোড এলাকায়। মৃত শিশুটির নাম শ্রেয়াংশু শর্মা। শুরু থেকেই এই ঘটনায় পুলিশের সন্দেহ ছিল পরিবারের উপর। ছোট্ট খুদের খুনের চার দিনের মাথায় গ্রেফতার খুনি। মঙ্গলবার গ্রেফতার করা হলো শিশুর মা এবং তাঁর এক বান্ধবীকে।
সূত্রের খবর, শ্রেয়াংশুকে যেদিন হত্যা করা হয় সেইদিন তার বাবা-মা দু’জনেই কর্মসূত্রে দুই জায়গায় ছিলেন। বাবা পঙ্কজ শর্মা জানিয়েছিলেন, ‘ব্রুটালি মার্ডার’ করা হয়েছে তাঁর একমাত্র পুত্রকে। সিআইডি তদন্তেরও দাবি জানিয়েছিলেন। তবে শিশুটির মায়ের কোনও বয়ান পাওয়া যায়নি সেখানে। আর আজ গ্রেফতার করা হয় শিশুর মা এবং তাঁর বান্ধবীকে।
পুলিশ সূত্রে খবর, সম্পর্কঘটিত কারণেই এই খুন করা হয়। ওই দুই মহিলার গভীর বন্ধুত্ব ছিল। বিয়ের আগে থেকেই তাদের বন্ধুত্ব। শান্তার বিয়ে হয় ২০১২ সালে। পারভিনের বিয়ে হয় ২০১৮ সালে। তবে মাসখানেকের মধ্যে স্বামীর ঘর ছেড়ে চলে আসেন পারভিন। দুই বান্ধবীর নিয়মিত বাড়িতে যাতায়াত ছিল। পরিবারের লোকেরাও জানতেন তাঁরা ‘ভাল বন্ধু’।
ডিসিপি জানান, “ঘটনাস্থল থেকে যে সব তথ্যপ্রমাণ মিলেছে তার ভিত্তিতেই এই গ্রেফতারি। ফরেন্সিক তদন্তের রিপোর্ট এবং ফিঙ্গার প্রিন্ট রিপোর্ট খতিয়ে দেখা হয়। তা ছাড়াও এলাকার সিসি ক্যামেরা ফুটেজ দেখা হয়। তার পর অভিযুক্তদের জেরা করে নিশ্চিত হওয়া গিয়েছে যে, খুনের পিছনে শিশুর মা এবং তাঁর বান্ধবীই রয়েছেন। দু’জনকেই শ্রীরামপুর আদালতে তোলা হবে। রিমান্ডে নিয়ে তদন্ত এগোবে।” তবে কি সমকামী সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছিল শ্রেয়াংশু?







