ক্রিকেট দুনিয়ায় গৌতম গম্ভীরকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। বরং বলা যায়, ভুল বোঝাবুঝিই যেন তাঁর ক্যারিয়ারের স্থায়ী সঙ্গী। এই পৃথিবীতে মানুষ মানুষকে ভুল বোঝে—এ কথা নতুন নয়। ইতিহাস জুড়েই ‘ভুল বোঝাবুঝি’ সম্পর্কের দূরত্ব বাড়িয়েছে, কাছের মানুষকে অপরিচিত করে তুলেছে। মহাশূন্যে পৌঁছানোর প্রযুক্তি মানুষ তৈরি করতে পারলেও, ভুল ভাঙানোর কোনও যন্ত্র আজও আবিষ্কৃত হয়নি। সেটি যদি থাকত, গৌতম গম্ভীর কি একবার ব্যবহার করে দেখতে চাইতেন না? বিশেষ করে যখন তাঁকে ঘিরে এত সমালোচনা ও আক্রমণ শোনা যায়। আজ ভারতীয় দলের কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তাঁর কি মনে হচ্ছে না সবাইকে বলে দিতে—“আপনারা আমাকে ভুল বুঝেছিলেন”?
এর উত্তর সহজ নয়। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ‘ভুল বোঝা’ ক্রিকেটারদের তালিকা তৈরি করলে গম্ভীরের নাম নিঃসন্দেহে উপরের সারিতেই থাকবে। বীরপূজার আলো থেকে খানিক দূরে থাকা একজন মানুষ তিনি। বিতর্ক তাঁর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত—এ কথা অস্বীকার করার উপায় নেই। মাঝখানে পাঁচ বছরের রাজনৈতিক জীবন, কিছু বিতর্কিত মন্তব্য, মাঠের ভেতরে-বাইরে আগ্রাসী মনোভাব—সব মিলিয়ে তাঁর তথাকথিত ‘হিরো ইমেজ’ অনেক সময় প্রশ্নের মুখে পড়েছে।
সম্ভবত ‘রাজা’ হওয়ার ইচ্ছে তাঁর কোনওদিনই ছিল না। তাঁর লক্ষ্য ছিল দেশের জয়, দলের সাফল্য। সেই সাফল্যের সাক্ষী ভারতীয় ক্রিকেট অনেক আগেই হয়েছে। দুটি বিশ্বকাপ ফাইনালে তাঁর গুরুত্বপূর্ণ ইনিংস আজও স্মরণীয়। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে তাঁর লড়াকু ব্যাটিং ভারতের জয়যাত্রার অন্যতম ভিত্তি হয়ে রয়েছে। এরপর আইপিএলেও তিনি সাফল্য পেয়েছেন—অধিনায়ক হিসেবে, পরে মেন্টর হিসেবেও। কোচ হিসেবে ভারতকে এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং অবশেষে বিশ্বকাপ জেতানোর কৃতিত্বও তাঁর ঝুলিতে। আশ্চর্যের বিষয়, ফাইনালের মঞ্চে তিনি এখনও পর্যন্ত হারেননি। ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে এমন নজির খুবই বিরল। তবু তাঁর মনে হয়তো কোথাও একটা আক্ষেপ রয়ে গেছে—প্রাপ্য সম্মান কি তিনি সত্যিই পেয়েছেন?
অনেকেই মনে করেন, সে সম্মান তিনি পুরোপুরি পাননি। কখনও অভিমান, কখনও ক্ষোভ—এই দুইয়ের মিশেলে তাঁর মন্তব্য অনেক সময় সমর্থকদের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে মন্তব্য, বিরাট কোহলির সঙ্গে বিতর্ক—এসব না হলে হয়তো পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারত। কিন্তু গম্ভীর সচেতনভাবেই জনপ্রিয়তার সহজ পথ বেছে নেননি। তিনি যা ন্যায্য বলে মনে করেন, সেটাই নির্দ্বিধায় বলেন। তাই মেসি বা রোনাল্ডোর বদলে হঠাৎ মার্কাস র্যাশফোর্ডের প্রশংসাও তাঁর মুখে শোনা যায়। অন্যের মনোরঞ্জন করে চলা তাঁর স্বভাব নয়।
যতদিন তিনি প্রাক্তন ক্রিকেটার হিসেবে মতামত দিতেন, ততদিন তা সহজেই গ্রহণ করা হত। কিন্তু ভারতের প্রধান কোচ হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। তখন প্রতিটি মন্তব্য, প্রতিটি আচরণ বিশ্লেষণের মুখে পড়ে। তরুণ ক্রিকেটারদের গড়ে তোলা থেকে শুরু করে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকাদের সামলানো—সব ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখা বড় চ্যালেঞ্জ। শুধু ট্রফি জিতলেই দায়িত্ব শেষ হয় না; শেষ পর্যন্ত বিচার হয় নানা স্তরে। সেই কারণেই রাহুল দ্রাবিড় বা রবি শাস্ত্রীরা প্রশংসিত, আবার গ্রেগ চ্যাপেলের নাম এখনও বিতর্কের সঙ্গেই উচ্চারিত হয়।
গৌতম গম্ভীর যখন ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন, তখন যথেষ্ট আড়ম্বরে সেই ঘোষণা হয়েছিল। নিজের পছন্দের সহকর্মী ও পরিকল্পনা নিয়েই তিনি কাজ শুরু করেন। নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে তাঁর বোঝাপড়াও ছিল স্পষ্ট। কিন্তু সমালোচনার বড় অংশ এসেছে টেস্ট ক্রিকেটের ব্যর্থতা ঘিরে। বিদেশ সফরে ব্যর্থতা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হতাশাজনক ফল—এসব নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের মাটিতে দীর্ঘদিনের টেস্ট আধিপত্যও ধাক্কা খেয়েছে।
মাঠের বাইরেও বিতর্ক থামেনি। রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট অবসর নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। এমনকি একদিন কি তাঁদের ওয়ানডে দল থেকেও সরানো হবে—এই প্রশ্নও উঠেছে। তখনই সমালোচনার তীর সোজা গম্ভীরের দিকে। কোনও তারকা খেলোয়াড় রান করলে বলা হয়েছে, ভারত জিতেছে ঠিকই, কিন্তু গম্ভীর নাকি হেরেছেন। শুভমান গিলকে অধিনায়ক করার সম্ভাবনা নিয়েও বিতর্ক হয়েছে। তরুণ ক্রিকেটার হর্ষিত রানাকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গও কম হয়নি। প্রশ্ন, সমালোচনা ও বিতর্ক—সবই যেন কোচ গম্ভীরের নিত্যসঙ্গী।
তবে সমস্যাকে কূটনৈতিকভাবে সামাল দেওয়ার মানুষ তিনি নন। তাঁর কাছে বিষয়টি সাদা বা কালো—ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। নিজেকে বদলে জনপ্রিয় হওয়ার চেষ্টা তাঁর স্বভাবে নেই।
এই মানসিকতাই তাঁর জীবনদর্শন। আর এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি আবার মনে করিয়ে দিলেন, ক্রিকেট কেবল পরিসংখ্যান বা কাগজে-কলমে নির্ধারিত হয় না—মাঠেই তার আসল পরীক্ষা। যেখানে প্রতিটি দিন শুরু হয় নতুন করে, শূন্য থেকে। টেস্টে ব্যর্থতা থাকলেও টি-টোয়েন্টি দলটিকে তিনি নিজের ভাবনায় গড়ে তুলেছেন। অনেকের মতে, তারকা-নির্ভর সংস্কৃতি ভেঙে দলগত শক্তির ওপর জোর দেওয়ার সিদ্ধান্তও শেষ পর্যন্ত ফল দিয়েছে।
তবে এই সাফল্য গম্ভীরকে নিশ্চয়ই আত্মতুষ্ট করবে না। বরং স্বভাবসিদ্ধ সংযমী হাসি নিয়ে তিনি হয়তো নতুন পরিকল্পনায় মন দেবেন। একসময় কলকাতা নাইট রাইডার্সের মেন্টর থাকাকালীন এক সমর্থক চোখের জল ফেলতে ফেলতে তাঁকে বলেছিলেন, “তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না।” আজ যেন সেই অনুভূতিই বহু ভারতীয় সমর্থকের মনে। গম্ভীর এখন তাঁদের কাছের মানুষ।
হয়তো এই ভালোবাসা তাঁকে খানিক অস্বস্তিতেই ফেলবে। কিন্তু ভারতীয় সমর্থকের স্বভাবই এমন—যাকে আপন করে নেয়, তাকে বুকে আগলে রাখে। তাই হয়তো এবার গৌতম গম্ভীর নিজেও একবার সেই ভালোবাসার মুকুট পরে দেখতে পারেন। তখন হয়তো আর কেউ তাঁকে ভুল বুঝবে না।







