৮২৪ কিলোমিটার দূরে নেপালের অশান্তি ছাপ ফেললো কলকাতায়।জুলাই মাসের এক দুপুরে কলকাতার গিরিশ পার্ক ডোমপাড়ার মৃৎশিল্পী সজল পাত্রের কাছে কিছু নেপালি আসেন এক ১৮ ফুটের বৌদ্ধমূর্তির বরাত দিতে। কলকাতার মৃৎশিল্পীদের নিপুণতার জন্য নেপালি প্যাগোডা বুদ্ধমূর্তি তৈরির বরাত নেপাল থেকে প্রায়ই আসে কলকাতায়। অন্যান্যবারের মত এইবারও সজলবাবু সময় মত মূর্তি তৈরি করে পাঠানোর অপেক্ষায় ছিলেন।
কিন্তু গত ৭২ ঘণ্টার চিত্র কপালে ভাঁজ ফেলেছে শিল্পীর। বুধবার এই মূর্তি নেপালে যাওয়ার কথা ছিল কিন্তু বর্তমান উত্তপ্ত, ক্ষিপ্ত নেপালের পরিস্থিতিতে মূর্তি যাবে কিভাবে সেই ভেবে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সজল বাবু । নেপালের সঙ্গে ভারতের সীমান্ত ১,৭৫১ কিলোমিটার দীর্ঘ । বাংলার উত্তরবঙ্গও এর সাথে যুক্ত । বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে পাঁচ রাজ্যেই সীমান্তে নিরাপত্তা বেড়েছে। এই অবস্থায় নেপাল থেকে এসে মূর্তি নিয়ে যাওয়াও অসম্ভব। তাঁর বক্তব্য, নেপাল দ্রুত স্বাভাবিক হয়ে উঠুক,যারা অর্ডার দিয়েছিলেন তারা শীঘ্র এসে তাদের মূর্তি নিয়ে যাক, মূর্তি রাখা তাঁর পক্ষে সম্ভব নয়।প্রায় ৪৫ হাজার টাকার এই বরাত না গেলে পুজোর আগে চূড়ান্ত আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে তাঁকে।







