কালীপুজো মিটলেই একাধিক জায়গায় শুরু হবে উপনির্বাচন। ইতিমধ্যেই অনেক রাজনৈতিক দলের প্রার্থীরা নমিনেশন জমা দিয়ে দিয়েছে। তারই মধ্যে হাওড়ার শিবপুরের তৃণমূলের পার্টি অফিসের সামনে ঘটে গেল এক চঞ্চল্যকর ঘটনা। বুধবার দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছে এক যুব তৃণমূল কর্মী। এবার বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় ওই নেতা।
পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতার নাম আবদুল কাদির ওরফে প্রেম। গতকাল রাতে হাওড়া জিটি রোডের পাশে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন ওই তৃণমূল নেতা। সেই সময়ে বাইকে করে আসে একদল দুষ্কৃতী। ওই যুব নেতার উপর পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে গুলি করে। ঘটনাস্থলে লুটিয়ে পরে ওই নেতা। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
তবে যুব তৃণমূল নেতার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তদন্তের স্বার্থে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। আজ সকালে প্রাণ হারায় ওই তৃণমূল নেতা। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে কে বা কারা এই হামলা চালালো। এই ঘটনার নেপথ্যে কি কারন লুকিয়ে রয়েছে সেটাও তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা সৃষ্টি হয় এলাকা জুড়ে। পাশাপাশি ওই নেতার অনুগামীরা পুলিশের উপর ক্ষোভ উগরে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।







