জেলা

দুই পৃথক বাস দুর্ঘটনায় আহত বহু, আশঙ্কাজনক ৫ জন, পলাতক এক চালক

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও বাঁকুড়ার খাতড়ায় ফের ঘটে গেল দুটি পৃথক বাস দুর্ঘটনা। বাসচালকদের বেপরোয়া মনোভাবের জেরে আহত হয়েছেন বহু যাত্রী। দক্ষিণ ২৪ পরগনার ঘটনায় ২৫ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, বাঁকুড়ার ঘটনায় আহত হলেও প্রাণহানির খবর নেই।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার চড়কতলায় বৃহস্পতিবার সকালে ঘটে ভয়াবহ বাস দুর্ঘটনা। অভিযোগ, এসডি-৮ রুটের একটি বেসরকারি বাস আরেক যাত্রীবাহী বাসের সঙ্গে রেষারেষিতে লিপ্ত ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে ধাক্কা মারে। বাসটি বিবিরহাট থেকে যাদবপুর যাচ্ছিল, যাত্রীসংখ্যা ছিল শতাধিক। দুর্ঘটনায় ২৫ জন যাত্রী আহত হন। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় আমতলা গ্রামীণ হাসপাতালে। পরবর্তীতে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়েছে। দুর্ঘটনার পরে চালক ঘটনাস্থল থেকে পলায়ন করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক মোহন নস্কর।

অন্যদিকে, বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কে এদিন সকালে যাত্রীবাহী বাস ও একটি দুধ বহনকারী পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটে খাতড়া আদিবাসী কলেজের অদূরে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়া দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান বেপরোয়া গতিতে এসে বাসটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় পিক আপ ভ্যানটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। আহত হন দুই গাড়ির চালক সহ বেশ কয়েকজন। তাঁদের খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কারও আঘাত গুরুতর নয়।

দুটি দুর্ঘটনার জেরে দক্ষিণ ২৪ পরগনা ও বাঁকুড়ায় সাময়িকভাবে যান চলাচলে প্রভাব পড়ে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি আটক করে তদন্ত শুরু করেছে। বারবার ঘটে চলা এই ধরনের দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা, তাঁরা প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.