উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষার পদ্ধতিতে বড়সড় রদবদল আনছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথমবার একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবে চারটি ভাগে বিভক্ত সেমিস্টার পদ্ধতিতে। ২০২৪ সালে যারা প্রথমবার এই পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিয়েছিল, তারা চলতি বছরের সেপ্টেম্বরে তৃতীয় সেমিস্টারে বসবে। চতুর্থ তথা শেষ সেমিস্টার হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।
সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এবার থেকে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীদের নাম আর উত্তরপত্রে লেখা যাবে না। তাঁর বক্তব্য, “অল ইন্ডিয়া স্তরের পরীক্ষায় যেমন নাম গোপন রাখা হয়, তেমনই নিয়ম এবার আমরা উচ্চ মাধ্যমিক স্তরেও চালু করছি। এতে পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকবে।”
এছাড়াও জানানো হয়েছে, দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে পরীক্ষার নম্বর দিয়েই ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে। পরীক্ষার্থীদের প্রতিটি ওএমআর শিটে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর অবশ্যই সঠিকভাবে লিখতে হবে। এক্ষেত্রে সামান্য ভুল হলে পুরো উত্তরপত্রই বাতিল হতে পারে। তাই নতুন এই ব্যবস্থার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে সংসদ।
পরীক্ষা সংক্রান্ত পদ্ধতিতে এই পরিবর্তন ৫০ বছরের পুরনো নিয়মে বড়সড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে এই নতুন ধারা কতটা কার্যকর হয়, এখন তাকিয়ে শিক্ষাব্যবস্থা।







