নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে সামনে এলো বিস্ময়কর এক ঘটনা। অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের পরিবারেরই নাম নেই, সেই পরিবারের সদস্যকেই দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারের (BLO) দায়িত্ব। ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও চাপানউতোর।
জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জ ব্লকের দুর্গাপুর এলাকার ৭৫ নম্বর বুথের বিএলওর দায়িত্ব সামলাচ্ছেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলন রায়। কৃষ্ণগঞ্জের বিডিও অফিস থেকেই তাঁকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। মিলনের দাবি, তিনি গত ১৫ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করছেন।
তবে বিতর্কের সূত্রপাত তাঁর এক স্বীকারোক্তি ঘিরে। মিলন রায় জানান, “২০০২ সালের ভোটার তালিকায় আমাদের পরিবারের কারও নাম ছিল না।” তাঁর আরও তথ্য, সেই বছর ৭৫ নম্বর বুথে ভোটার সংখ্যা ছিল ৫৫৭, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০১৬ জনে।
এই ঘটনার পর প্রশ্ন উঠছে — যাঁদের নিজেদের নামই এক সময় ভোটার তালিকায় ছিল না, তাঁরা কীভাবে ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল দায়িত্ব সামলাচ্ছেন?
কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান মদন ঘোষ জানান, “বিষয়টি আমি বিডিওকে জানিয়েছিলাম। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” তাঁর অভিযোগ, মিলন রায় বিজেপি-র সঙ্গে যুক্ত। যদিও বিজেপির রানাঘাট দক্ষিণ জেলার সম্পাদক অমিত প্রামাণিক দাবি করেছেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
প্রশাসনিক নীরবতার মধ্যেই এখন প্রশ্ন ঘুরছে — স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার দায়িত্বে থাকা কর্মীদের নিয়োগ প্রক্রিয়া কতটা নিরপেক্ষ? কৃষ্ণগঞ্জের এই ঘটনাই কি রাজ্যের অন্যান্য জায়গারও প্রতিচ্ছবি?







