জলপাইগুড়ি সদর বিডিও অফিসে তৃণমূলের এসসি-ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস ও তাঁর অনুগামীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক মহল। অভিযোগ, রাজ্যের তরফে দেওয়া ১০০ দিনের বকেয়া টাকার বরাদ্দ এখনও পাচ্ছে না সদর ব্লকের ৫টি গ্রামপঞ্চায়েত। এ নিয়েই বৃহস্পতিবার বিডিও অফিসে বৈঠকের সময় কৃষ্ণ দাস কার্যত রণংদেহী মেজাজে কর্মীদের উপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। প্রায় ২ ঘণ্টা ধরে বিডিও মিহির কর্মকারকে ঘেরাও করে বিক্ষোভ চলে।
কৃষ্ণ দাসের অভিযোগ,
“৫টি অঞ্চলের শতাধিক বুথে কাজ হয়েছে। প্রতি বুথে একজন করে কাজ করেছেন। তাঁদের পারিশ্রমিকের জন্য রাজ্য সরকার ২ লক্ষ টাকা করে বরাদ্দ দিয়েছে। কিন্তু আমাদের অঞ্চল এক টাকাও পায়নি। এটা জনগণের টাকা। নয়ছয় করতে দেওয়া যাবে না। টাকা না দিলে আদালতের দ্বারস্থ হব।”
বিডিও মিহির কর্মকার অবশ্য অভিযোগ খারিজ করে বলেন,
“যে টাকা এসেছিল তা সরকারি নিয়ম মেনেই বিভিন্ন গ্রামপঞ্চায়েতের কাজে খরচ হয়েছে। সমস্ত হিসেব দেখানো হয়েছে।”
ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যেই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। জেলা সম্পাদক বিকাশ মালাকার আমলাদের পাশে দাঁড়িয়ে বলেন,
“মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে কোনও অফিসার অসৎ নন। সরকারি আধিকারিকদের ঘেরাও না করে, যাঁরা টাকা পাননি তাঁদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।”
এদিকে বিরোধীরা সুযোগ হাতছাড়া করেনি। সিপিএম জেলা সম্পাদক পীযূষ মিশ্র কটাক্ষ করে বলেন,
“১০০ দিনের টাকা আদায়ে সিপিএম আদালতে লড়াই করছে। এর আড়ালে ঠিকাদারির রাজনীতি চলছে।”
বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক শ্যাম প্রসাদ মন্তব্য করেন,
“১০০ দিনের টাকা লুঠ করেছে তৃণমূল। আমলা ও শাসকদলের নেতা মিলে চুরির ভাগবাঁটোয়ারা করেছে। এখন সেই নিয়েই ভাঙন ধরেছে।”
এই ঘটনার জেরে প্রশাসনিক অন্দরে যেমন অস্বস্তি তৈরি হয়েছে, তেমনই শাসকদলের মধ্যেও প্রকাশ্যে এসেছে গোষ্ঠীদ্বন্দ্ব। জলপাইগুড়ি সদর বিডিও অফিসে তৃণমূলের এই বিক্ষোভ নিঃসন্দেহে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।







