২৫ কোটি টাকা ব্যয়ে দলে নেওয়া হয়েছিল তাঁকে। অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ঘিরে সেই সময় নজিরবিহীন উত্তেজনা ছিল নাইট শিবিরে। কিন্তু মৌসুম শুরু হতেই ছবিটা পাল্টে গেছে সম্পূর্ণ। টানা তিন ম্যাচে ব্যর্থতা—ব্যাটে নেই রান, বোলিং করতে দেখা যায় না, তার উপর দায়সারা শরীরী ভাষা। ফলে গ্রিনকে নিয়ে ক্ষোভ এখন তুঙ্গে নাইট-সমর্থকদের মধ্যে।
প্রথম ম্যাচে মাত্র ১৮, দ্বিতীয় ম্যাচে ২, তৃতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ৪ রানে থেমে গেলেন তিনি। জাভিয়ের বার্টলেটের প্রথম বল চার মারলেও, পরের বলেই ধরা দিলেন ক্যাচ। পারফরম্যান্স নয়, গ্রিনের মনোভাবই বেশি প্রশ্ন তুলে দিচ্ছে। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার ভঙ্গিও নজর কাড়ছে সমর্থকদের—“যেন তাতে কিছুই যায় আসে না,” দাবি নেটদুনিয়ার।
তাঁকে ঘিরে ইতিমধ্যেই উঠেছে নতুন নাম—‘ফ্লপস্টার’, ‘স্ক্যাম’। তিন ম্যাচে মোটে ২৪ রান করায় সমালোচনার ঝড় থামছেই না। এমন পরিস্থিতিতে টিম সেইফার্ট বা রাচীন রবীন্দ্রর মতো বিকল্পদের নাম সামনে আসছে জোরালোভাবে। যদিও এই ম্যাচে সুযোগ পেয়েছেন রভম্যান পাওয়েল। তাঁকে দলে আনার তাৎপর্য একটাই—ফিনিশিং শক্তি বাড়ানো এবং প্রয়োজন হলে পেস বোলিং করানো। যার অর্থ, গ্রিনকে দিয়েও এবার সম্ভবত বল করানোর পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের।
এদিন প্রথম একাদশে ছিলেন না দুই প্রধান স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন। তাঁদের জায়গায় পেয়েছেন নবদীপ সাইনি ও পাওয়েল। নাইট জার্সিতে সাইনির এটাই ছিল অভিষেক ম্যাচ।
তারপরও মূল প্রশ্ন একই জায়গায় ঘুরে ফিরে আসছে—গ্রিনের ভূমিকাই বা কী? ব্যাটে নেই ছন্দ, বল হাতে অনুপস্থিত, আর মনোভাব নিয়েও উঠছে প্রশ্ন। এমন অবস্থায় ইডেন গ্যালারিতে উপস্থিত শাহরুখ খান যদি সরাসরি সিইও বেঙ্কি মাইসোরকে জিজ্ঞেস করেন—“গ্রিনকে নিয়ে প্ল্যানটা আসলে কী?”, তাতে আশ্চর্যের কিছুই থাকবে না।
নাইট সমর্থকদের মতে, দল যেন ক্রমশ ‘অ্যান্ড্রে রাসেল শূন্যতার’ মূল্য বুঝছে।







