প্রেমিকের মৃতদেহ নিয়ে প্রেমিকার বাড়ির সামনের বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসী। ঠিক এমনই চিত্র উত্তর ২৪ পরগনার অশোকনগরের দেবীনগর বাইপাস অঞ্চলের। সেখানে প্রেমিকার বাড়ির সামনে মৃত প্রেমিক সায়ক চক্রবর্তীর দেহ রেখে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। জানা যায়, মঙ্গলবার দুপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই যুবক। সেই ভিত্তিতেই প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে থানায় গিয়ে যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করল মৃতের মা।
কিন্তু সেই অভিযোগ দায়েরের পর গোটা একটা দিন কাটলেও গ্রেফতার করা হয়নি অভিযুক্ত প্রেমিকা কিংবা তার পরিবারের কাউকে। তার জেরেই বিক্ষোভের সুর চড়ল এলাকায়। একেই যুবকের মৃত্যুতে কষ্টে ফুঁসছিল স্থানীয়রা। তারই মধ্যে ২৪ ঘণ্টা কেটে গেলেও অভিযুক্তকে পুলিশ গ্রেফতার না করায় বিক্ষোভের পথে নামল তারা।
উল্লেখ্য, বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়াতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ।পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনে। তদন্তের প্রতিশ্রুতি দিয়ে পরিবারকে দেহ দাহ করতে পাঠায় তারা। তবে এক বিক্ষোভকারীর অভিযোগ জানায়, ‘কোনও বিচার হয়নি। আমাদের কাছে ২৪ ঘণ্টা চেয়েছে। কিন্তু তার মধ্যে কিছু না হলে, আমরা আবার বিক্ষোভের পথে নামব। এই মেয়েটা এরকম ভাবে তিন-চারটের ছেলের জীবন নষ্ট করেছে।’







