শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী তথা ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ খুনকাণ্ডে তদন্তে বড় সাফল্যের দাবি করেছে রাজ্য পুলিশ। উত্তরপ্রদেশের অযোধ্যা ও বিহারের বক্সার থেকে মোট তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে এই গ্রেফতারির পরই নতুন করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। ধৃতদের মধ্যে উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা রাজ সিংয়ের মা জামবন্তী সিং পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জামবন্তী দাবি করেন, তাঁর ছেলে সম্পূর্ণ নির্দোষ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তাঁর অভিযোগ, ৯ মে সকালে অযোধ্যা যাওয়ার পথে একটি ধাবার সামনে তাঁদের গাড়ি আটকায় পুলিশ এবং সেখান থেকেই রাজকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাঁরা জানতে পারেন, রাজকে বিমানে করে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর দাবি, রাজ কখনও কলকাতায় যায়নি এবং সেখানে তাদের কোনও পরিচিতও নেই।
জামবন্তীর দাবি, ঘটনার দিন অর্থাৎ ৬ মে রাজ বালিয়াতেই ছিল। বাড়ির সিসিটিভি ফুটেজ, স্থানীয় দোকান এবং জিমের ফুটেজে সেই প্রমাণ মিলবে বলেও দাবি করেছেন তিনি। এমনকি ৭ মে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে লখনউয়ে একটি বিয়েবাড়িতেও গিয়েছিলেন বলে জানান।
যদিও পরিবারের দাবি একরকম, পুলিশি নথি বলছে অন্য কথা। জেলা অপরাধ নথি ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২০ সালে এক প্রতিবন্ধী ব্যবসায়ী খুনের মামলায় রাজ গ্রেফতার হয়েছিল এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়।
এদিকে আদালত ধৃত তিন অভিযুক্তকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। রাজের মা ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি তুলেছেন। এই পালটা অভিযোগে তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







