গ্রামীণ আবাস প্রকল্পের প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। বিজেপি শাসিত একাধিক রাজ্যের আদলে পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে স্ব-সমীক্ষা বা সেলফ-সার্ভে পদ্ধতি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন এই ব্যবস্থার ফলে সাধারণ মানুষ নিজেরাই আবাস প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। পরে সেই আবেদন যাচাই-বাছাই করে চূড়ান্ত সুবিধাভোগীদের তালিকা তৈরি করবে প্রশাসন।
এই বিষয়ে রাজ্যের পক্ষ থেকে সমস্ত জেলার জেলাশাসকদের কাছে বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী, আবেদনকারীদের মোবাইল ফোনে ‘আবাসপ্লাস ২০২৪’ এবং ‘আধারফেস আরডি’ অ্যাপ ডাউনলোড করতে হবে। আধারভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে ওই অ্যাপ ব্যবহার করেই আবেদন জমা দেওয়া যাবে। আবেদন পাওয়ার পর সমীক্ষকরা সংশ্লিষ্ট পরিবারের বাড়িতে গিয়ে তথ্যের সত্যতা যাচাই করবেন এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী আবেদনকারী আবাস প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কি না, তা খতিয়ে দেখবেন।
যাঁরা অনলাইনে আবেদন করতে সক্ষম নন, তাঁদের জন্যও বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। সেক্ষেত্রে সমীক্ষকরাই বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন এবং যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করবেন।
স্বচ্ছতা বজায় রাখতে আবাস প্রকল্পে ত্রিস্তরীয় যাচাই ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে বলা হয়েছে, অন্তত ১০ শতাংশ পরিবারের তথ্য ব্লক বা মহকুমা স্তরের আধিকারিকদের মাধ্যমে পুনরায় পরীক্ষা করতে হবে। পাশাপাশি ৫ শতাংশ ক্ষেত্রে ব্লকস্তরের আধিকারিকদের এবং ২ শতাংশ ক্ষেত্রে জেলাস্তরের আধিকারিকদের সরাসরি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
রাজ্য সরকারের দাবি, এই নতুন পদ্ধতি চালু হলে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা আরও সহজ হবে। একই সঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপ বা ভুল তথ্যের ভিত্তিতে নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগও অনেকটাই কমবে। আগামী মাসের ২০ তারিখের মধ্যে সমীক্ষা ও যাচাইয়ের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।






