পুণের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশি জেরায় অভিযুক্ত সিয়া গোয়াল জানিয়েছেন, পরিবারের কাছে বিয়েতে আপত্তি জানানো থেকে কেতনকে খুন করাই তাঁর কাছে সহজ মনে হয়েছিল। যদিও এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নন সিয়ার দাদা। তাঁর দাবি, সিয়া যদি আগে জানাত যে সে এই বিয়েতে রাজি নয়, তাহলে পরিবারের পক্ষ থেকেই সেই সম্পর্ক ভেঙে দেওয়া হত এবং চেতন চৌধুরীর সঙ্গেই বিয়ের ব্যবস্থা করা হত। এই ঘটনার তদন্তেই এবার সামনে এসেছে ক্রিকেট-যোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রিকেট মাঠেই প্রথম পরিচয় হয়েছিল সিয়া গোয়াল ও চেতন চৌধুরীর। দীর্ঘ ১০ ঘণ্টার জেরায় সিয়ার ভাই সাহিল গোয়াল জানিয়েছেন, তিনি যখন ক্রিকেট খেলতে যেতেন, তখন নিয়মিত মাঠে উপস্থিত থাকতেন সিয়া। সেখানেই চেতনের সঙ্গে প্রথম আলাপ হয় তাঁর। পরে গত বছরের দীপাবলির একটি অনুষ্ঠানে ফের দেখা হওয়ার পর দু’জনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। যদিও শুরুতে সিয়ার বাবা-মা দাবি করেছিলেন, তাঁরা চেতনকে চিনতেন না। কিন্তু সাহিল জানিয়েছেন, তিনি চেতনকে আগেই চিনতেন এবং তাঁদের পরিচয় ছিল।
তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ অসঙ্গতি ধরা পড়েছে। সাহিলের বক্তব্য, সিয়া যদি কেতনকে বিয়ে করতে না চাওয়ার কথা জানাত, তাহলে পরিবারই সেই বিয়ে বাতিল করে দিত। অন্যদিকে, সিয়ার মা পূজা গোয়াল দাবি করেছেন, তিনি কোনওদিন চেতন চৌধুরীর সঙ্গে দেখা বা কথা বলেননি। তবে তদন্তকারীদের হাতে আসা তথ্য বলছে, পরিবার চেতনের বিষয়ে অবগত ছিল এবং সিয়াকে তাঁর থেকে দূরে রাখার চেষ্টাও করেছিল। আবার সিয়ার আইনজীবীর দাবি, সিয়া ও চেতন শুধুই বন্ধু ছিলেন। ফলে বিভিন্ন পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
পুলিশের হাতে আসা কল রেকর্ডে দেখা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সিয়া ও চেতনের মধ্যে ২ হাজারেরও বেশি ফোনালাপ হয়েছে। মোট কথোপকথনের সময় প্রায় ২৩৮ ঘণ্টা। পাশাপাশি তদন্তে জানা গিয়েছে, দু’জনেই নিজেদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের চ্যাট-সহ একাধিক ডিজিটাল তথ্য মুছে ফেলেছিলেন। সেই তথ্য উদ্ধার করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
এছাড়াও তদন্তে উঠে এসেছে, খুনের আগের দিন অর্থাৎ ১৭ জুন পুনের লুল্লানগরের একটি ক্যাফেতে প্রায় এক ঘণ্টা একসঙ্গে ছিলেন সিয়া ও চেতন। সেই বৈঠকেই কি হত্যার ছক কষা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।







