আবহাওয়া

উইকেন্ডে স্বস্তির বৃষ্টি, তবে ৪ অগস্ট থেকে ফের ভিজবে দক্ষিণবঙ্গ! উত্তরের ৫ জেলায় ভারী বর্ষণের সতর্কতা

দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, আগামী সপ্তাহের শুরু থেকেই ফের সক্রিয় হতে চলেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১ থেকে ৩ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ৪ অগস্ট, মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ৪ অগস্ট বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এরপর ৫ অগস্ট ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। একইভাবে ৬ অগস্ট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। ১ অগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে।

২ অগস্ট জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কায় ওই দুই জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা বলবৎ থাকবে।

সব মিলিয়ে, দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে তুলনামূলক স্বস্তি মিললেও আগামী সপ্তাহে ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স সংলগ্ন পাঁচ জেলায় উইকেন্ড জুড়েই ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকায় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.