প্রায় ৩০ হাজার টাকা প্রতারণায় অভিযুক্ত সস্ত্রীক তৃণমূল নেতা স্বপন দাস। টাকা ফেরত চাইতেই হাতাহাতির পরিবেশ তৈরি হয়। অভিযোগকারী মহিলা প্রতিবাদ করতে গেলে উল্টে তাকেই শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। ঘটনাটি ঘটে বুধবার দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে।
ধৃত মহিলার নাম নুপুর হাজরা। তার অভিযোগ, মিথ্যে আশ্বাস দিয়ে তার কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৩০ হাজার টাকা নিয়েছেন স্বপন। পরে সেই টাকা চাইতে গেলেই রীতিমত বচসা সৃষ্টি হয়। প্রতারণার অভিযোগ নিয়ে অভিযুক্ত নূপুর হাজরা অনেক নেতার কাছেই সাহায্য চেয়েছেন। কিন্তু কেউ তাকে সাহায্য করেনি।
আবারও টাকা ফেরত পাবার আশায় বুধবার নুপুর স্বপনের বাড়িতে যায়। তারপরই লেগে যায় হাতাহাতি। চেঁচামেচির আওয়াজ শুনে স্বপনের বউ বেরিয়ে আসে। এরপরেই আক্রান্তদের তরফে নুপুর হাজরার বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করা হয় স্থানীয় পুলিশ স্টেশনে। অভিযোগের জেরে বৃহস্পতিবার রাতে নুপুরকে গ্রেপ্তার করে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ। আজ তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে।
জিজ্ঞাসাবাদে তৃণমূল নেতা ওই মহিলার সমস্ত অভিযোগকে মিথ্যে বলে ঘোষণা করেন। তার কথায়,একটা গাড়ি কেনা-বেচা নিয়ে ওই মহিলার সাথে টাকার লেনদেন হয়েছিল।







