নতুন নির্মাণ কার্য চলাকালীন একের পর এক মৃতদেহর মাথার খুলি এবং দেহের হাড় উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরে। ভয়ে কাজ ছেড়ে চলে যায় রাজমিস্ত্রিরা।
চাঞ্চল্যকর ঘটনাটি নদীয়ার শান্তিপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের তোপখানাপারা চারমাথা মোড়ে। সেখানে বহু পূর্বে ব্যক্তি মালিকাধীন থাকলেও বেশ কিছু বছর আগে রাজ্য সরকার এই জায়গা কেনে সাব স্টেশন করার জন্য।
সেই প্রকল্পেরই খনন কাজ শুরু হয়েছে কয়েক মাস আগে। ভিতের জন্য মাটি খোঁড়াখুড়ির ফলে উদ্ধার হয়েছিল মানুষের মাথার খুলির কয়েকটি অংশ। তা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় এরপর গতকাল সন্ধ্যায়। রাজমিস্ত্রিরা কাজ ছুটি করে যাওয়ার আগে হঠাৎ লক্ষ্য করেন মৃতদেহর হাত এবং পায়ের বেশ কিছু বড় হাড়।
স্থানীয় কাউন্সিলর নরেশ লাল সরকার জানাচ্ছেন, পার্শ্ববর্তী রাজকোট পড়া এবং ওই এলাকা তোপখানা পাড়া বরাবরই মুসলমান অধ্যুষিত এলাকা। বহু প্রাচীনকালে সম্রাট ঔরঙ্গজেব খান সেনাদের বসতি স্থাপন করেছিলেন ওখানে। সেই হিসেবে আজও ওখানে বহু পরিবারের পদবী খান। তখন বাড়িতে বাড়িতে কবরের ব্যবস্থা ছিলো। তাই হয়তো খননের ফলে উঠে আসছে। তবে এই নিয়ে চাঞ্চল্যের কিছু নেই। আমি ইলেকট্রিক সাপ্লাই এবং শান্তিপুর থানার সাথে কথা বলবো।
কিন্তু আজ সকালে সূত্রাগড় বিদ্যুৎ সরবরাহ অফিসের স্টেশন ম্যানেজার ছুটিতে থাকার কারণে তারা যোগাযোগ করে উঠতে পারেননি, তবে কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে আশ্বস্ত করেছেন সকলকে। শ্রমিকের সংখ্যা অত্যন্ত কম থাকলেও দুই একজন কে আজ কাজ করতে দেখা গেছে।







