জেলা

সংহতি স্টেশনে রেললাইনে তরুণীর দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বনগাঁ–শিয়ালদা শাখার সংহতি স্টেশনে রেললাইন থেকে এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার রাতে। বনগাঁ জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম বিথি মণ্ডল (১৮)। ফুলতলা মণ্ডল পাড়ার বাসিন্দা বিথি মঙ্গলবার সন্ধ্যায় ঘুগনি খাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর আর ফিরে আসেনি।

স্থানীয় সূত্রে দাবি, স্টেশন এলাকায় বিথিকে শেষবার দেখা গিয়েছিল দুই যুবকের সঙ্গে। প্রত্যক্ষদর্শীদের কথায়, সেই সময় তাদের মধ্যে বচসাও হয়। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা থেকে বনগাঁগামী একটি লোকাল ট্রেন স্টেশন পার হওয়ার সময় রেললাইনে দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপরই পুলিশে খবর দেন স্থানীয়রা।

বনগাঁ জিআরপি ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে পরিবারের দাবি, বিষয়টি মোটেই দুর্ঘটনা নয়। তাদের বক্তব্য, বিথিকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন—স্টেশনে বচসার পর এত অল্প সময়ের ব্যবধানে কীভাবে এমন “দুর্ঘটনা” ঘটল?

পরিবারের তরফে জানানো হয়েছে, তারা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাবেন। পরিবারের এক সদস্য বলেন, “বিথি কখনই নিজের জীবনের ইতি টানত না। এটা স্পষ্ট খুন। প্রশাসন তদন্ত করে সত্যি সামনে আনুক।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অনেকেরই দাবি, স্টেশন এলাকায় নিয়মিত অল্পবয়সী ছেলেমেয়েদের ওপর নজরদারি নেই, রাতের বেলা নিরাপত্তাও পর্যাপ্ত নয়।

এদিকে বনগাঁ জিআরপি জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুই যুবকের পরিচয় ও তাদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।

রেললাইনে তরুণীর রহস্যমৃত্যু ঘিরে জোর জল্পনা—এটি দুর্ঘটনা, নাকি খুন? উত্তর খুঁজছে তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.