কলকাতা

একদিনে কলকাতা মেট্রোয় জোড়া বিপর্যয়, সন্ধ্যায় বিমানবন্দর স্টেশন ডুবল অন্ধকারে

একদিনে পরপর দু’টি বড় বিভ্রাটে অস্বস্তিতে পড়লেন কলকাতা মেট্রোর যাত্রীরা। শুক্রবার বিকেলে ব্লু লাইনের নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ ব্যাহত হয় মেট্রো পরিষেবা। সেই ধাক্কা কাটতে না কাটতেই সন্ধ্যায় ইয়েলো লাইনের জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। আচমকা বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ হয়ে যায় লিফট ও এস্কেলেটর। মোবাইলের টর্চ জ্বালিয়ে চলাচল করতে বাধ্য হন যাত্রীরা। গোটা স্টেশনজুড়ে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আচমকাই জয়হিন্দ বিমানবন্দর স্টেশনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে পুরো স্টেশন অন্ধকারে ডুবে যায়। প্রায় ২০ মিনিট ধরে আলো না থাকায় বহু যাত্রী আটকে পড়েন। বিশেষ করে প্রবীণ ও শিশুদের নিয়ে বিপাকে পড়েন অনেকেই। নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে যাত্রীদের মধ্যে। অভিযোগ, জরুরি পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থার অভাব স্পষ্ট হয়ে ওঠে।

রাত আটটা নাগাদ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, জয়হিন্দ বিমানবন্দর, যশোর রোড এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের ইন্টারনাল পাওয়ার ব্লকে সমস্যার জেরেই এই বিভ্রাট। যদিও কর্তৃপক্ষ জানায়, এর ফলে মেট্রো চলাচলে সরাসরি কোনও প্রভাব পড়েনি।

উল্লেখ্য, পুজোর আগে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন চালু হলেও এই রুটে এখনও দীর্ঘ সময় অন্তর মেট্রো চলে। তার মধ্যেই স্টেশন অন্ধকারে ডুবে যাওয়ার মতো ঘটনা যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এর আগে বিকেলে নেতাজি ভবন স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ময়দান থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত পরিষেবা বন্ধ থাকায় অফিস ফেরতা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। একদিনে জোড়া ঘটনায় ফের মেট্রোর নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.