গতকাল নিজেদের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যায় চেন্নাই। সেই জয়ের ফলে দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে গুজরাট এবং হায়দরাবাদ। আরসিবির সঙ্গে এই দুই দল শেষ চারে পৌঁছে যাওয়ায় এখন বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে মোট পাঁচটি দল। সেই দৌড়ে রয়েছে পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। এই পাঁচ দলের মধ্যে মাত্র একটি দলই প্লে-অফের শেষ টিকিট পাবে।
এই মুহূর্তে পাঞ্জাবের ঝুলিতে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট রয়েছে। তাদের শেষ ম্যাচ লখনৌয়ের বিরুদ্ধে। সেই ম্যাচে জিততে পারলে পাঞ্জাবের মোট পয়েন্ট দাঁড়াবে ১৫। অন্যদিকে, রাজস্থানের হাতে রয়েছে আরও দু’টি ম্যাচ। দুটিতেই জয় পেলে তাদের পয়েন্ট হবে ১৬। চেন্নাইয়ের বাকি মাত্র একটি ম্যাচ, সেটিতে জিতলে তারা পৌঁছে যাবে ১৪ পয়েন্টে। একই পরিস্থিতি দিল্লির ক্ষেত্রেও। আর কেকেআরের সামনে রয়েছে আরও দু’টি ম্যাচ। দুটিতে জিততে পারলে তাদের পয়েন্ট হবে ১৫। তবে রাজস্থান ছাড়া বাকি দলগুলিকে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, বড় ব্যবধানে জয় পাওয়ার পাশাপাশি অন্য দলগুলিরও পয়েন্ট হারানোর দিকেও নজর রাখতে হবে।
গতকাল চিপকে ১৮১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ঈশান কিষানের দুরন্ত ৭০ রানের ইনিংসের উপর ভর করে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। গুরুত্বপূর্ণ অবদান রাখেন হেনরিখ ক্লাসেনও, তিনি ২৬ বলে করেন ৪৭ রান। এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে সানরাইজার্স। একই সঙ্গে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্সও, তাদের ঝুলিতেও রয়েছে ১৬ পয়েন্ট। আগামী শুক্রবার আরসিবির বিরুদ্ধে শেষ লিগ ম্যাচ খেলতে নামবে হায়দরাবাদ। এখন লিগ টেবিলের শীর্ষ তিন দল যেখানে প্রথম দুই স্থানের লড়াইয়ে ব্যস্ত, সেখানে বাকি দলগুলো মরিয়া শেষ চারে জায়গা করে নিতে। ফলে টুর্নামেন্টের শেষ লগ্নে আইপিএল আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।







