খেলাধুলা

ডার্বির সঙ্গে ট্রফি জয়ের আশ্বাস কোচ মোলিনার, সমর্থকদের পাশে থাকা বার্তা দিলেন শুভাশিস

আজ শনিবার কলকাতার আকাশে ফুটবল উৎসবের ধ্বনি—আইএফএ শিল্ড ফাইনাল, আর তার মঞ্চে ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। মরশুমের শুরুতে ডুরান্ডে ব্যর্থতা ভুলে এবার ট্রফি জয়ের সংকল্পে সবুজ-মেরুন শিবির। কোচ জোসে মোলিনা ও অধিনায়ক শুভাশিস বোসের কণ্ঠে একটাই সুর—“ডার্বি শুধু জিতব না, ট্রফিও তুলব।”

সাংবাদিক সম্মেলনে মোলিনার বক্তব্য স্পষ্ট, “আমরা আগের ডার্বিটা হেরেছি, এবার ভুল করার জায়গা নেই। সমর্থকরাই আমাদের শক্তি। ওরা পাশে থাকলেই দল জিতবে।” তিনি আরও যোগ করেন, “ইস্টবেঙ্গলের সমর্থকরা যেমন তাদের দলের বারো নম্বর খেলোয়াড়, তেমনই আমাদেরও দরকার নিজেদের জনতার সমর্থন। পুরো ৯০ মিনিট চাই মাঠভরা সবুজ-মেরুন গর্জন।”

তবে মোলিনার চিন্তা খানিকটা মনবীর সিংকে ঘিরে—চোট সারিয়ে অনুশীলনে ফিরলেও ম্যাচ ফিটনেস নিয়ে সংশয় রয়ে গেছে। অন্যদিকে লাল-হলুদ শিবিরে নতুন সংযোজন হিরোশি ইবুসুকি এখনও অভিষেকের অপেক্ষায়, যা মোলিনার কাছে এক অজানা চ্যালেঞ্জ। তবুও স্প্যানিশ কোচের আত্মবিশ্বাস, “আমরা দল হিসেবে প্রস্তুত, নামব নিজেদের প্রমাণ দিতে।”

অধিনায়ক শুভাশিসের কণ্ঠে প্রতিজ্ঞার আগুন—“আমরা ফুটবল খেলি সমর্থকদের জন্য। ওরা আমাদের প্রেরণা, ওদের জন্যই জিততে চাই।” নিজের লক্ষ্যও জানিয়ে দেন তিনি—“মাঠে নামব যেন এটাই আমার শেষ ম্যাচ। অ্যাটাকিং ফুটবল খেলব, দলগত পারফরম্যান্সই হবে মূল অস্ত্র।” ডার্বির আবেগ, সমর্থকদের উন্মাদনা আর ট্রফির মর্যাদা—সব মিলিয়ে যুবভারতীর মঞ্চে অপেক্ষা এক বিদ্যুতময় লড়াইয়ের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.