দুর্গাপুজোয় বৃষ্টি কি বাধা হয়ে দাঁড়াবে? গত কয়েকদিন ধরে বাঙালির মনে ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্নই। কারণ বৃষ্টি নামলেই পুজোর যাবতীয় পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা। তবে ষষ্ঠীর সকালে কিছুটা স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, শনিবার অর্থাৎ সপ্তমী পর্যন্ত আকাশের মুখ ভার থাকতে পারে। তবে অষ্টমী থেকেই অনেকটাই বিদায় নেবে বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যেই দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে শুরু হয়েছে প্রত্যাবর্তী মৌসুমি বায়ুর প্রভাব। পাশাপাশি সক্রিয় রয়েছে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুও। কোমোরিন এলাকা থেকে একটি অক্ষরেখা ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়েও বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা।
এর প্রভাবে শুক্রবার ও শনিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গেও শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে অষ্টমী থেকে একাদশী পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
অর্থাৎ ষষ্ঠী ও সপ্তমীতে সামান্য বৃষ্টির ভ্রুকুটি থাকলেও অষ্টমী থেকে আবহাওয়া অনেকটাই অনুকূল থাকবে। আকাশও পরিষ্কার থাকার সম্ভাবনা। ফলে উত্তর থেকে দক্ষিণ—গোটা বাংলাতেই পুজোর দিনগুলিতে জমিয়ে প্যান্ডেল হপিংয়ের সুযোগ থাকছে।







