নিজস্ব সংবাদদাতা : যাদবপুরের পড়ুয়ার মৃত্যুতে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী-সহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সেই সূত্রে বুধবার তাঁকে ডেকে পাঠিয়েছিল লালবাজার। কিন্তু ইচ্ছা থাকলেও লালবাজারের ঐ দিন উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালেয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায়। সেই কারণে বৃহস্পতিবার আবারও তাঁকে ডেকে পাঠায় লালবাজার। এই দিন বিকেল ৩টের পর লালবাজারে পৌঁছন রজত।
উল্লেখ্য বুধবার দিন বিকেলে ডিন অফ স্টুডেন্টস রজত ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে ডেকে পাঠায় লালবাজার। কথা অনুযায়ী বিকেল ৩টের কিছু পরে কলকাতা পুলিশের সদর দফতরে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু পৌঁছে গেলেও পৌঁছননি রজত। তিনি পুলিশকে জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ চলছে। তাঁকে ‘ঘেরাও’ করে রেখেছে বিক্ষোভকারীরা। তাই ওই দিন হাজিরা দিতে যেত পারবেন না তিনি।
যদিও রেজিস্ট্রারকে বুধবার দিন জেরা করে পুলিশ। লালবাজারে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে এই জেরা। তদন্তকারীদের একাংশের সূত্রে জানা গিয়েছে, জেরার সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং হস্টেল সংক্রান্ত বিষয়ে রেজিস্ট্রারকে প্রায় ২০টিরও বেশি প্রশ্ন করা হয়। তদন্তকারীদের দাবি,বেশির ভাগ প্রশ্নেরই জবাব দিতে গিয়ে স্নেহমঞ্জু জানিয়েছিলেন,বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজতই এ সব প্রশ্নের জবাব দিতে পারবেন।
সেইমতো আজ বৃহস্পতিবার রজতকে আবার ডেকে পাঠায় লালবাজার। যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় তাঁর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ । বিকেলে তিনি পুলিশের সদর দফতরে হাজিরা দিয়েছেন। যে প্রশ্নগুলি স্নেহমঞ্জুকে করা হয়েছিল,সেগুলিই রজতকেও আবার জিজ্ঞাসা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।







