মাত্র ১৬ বছর বয়সেই ছেলের ওজন আকাশছোঁয়া—১৩০ কেজিরও বেশি! এক অদ্ভুত খোরাকি অভ্যাসই যেন তার বাবা-মায়ের দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে বসবাসকারী দিনমজুর মুনশাদ আলির সংসারে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাই—ছেলের প্রতিদিনের খাবারের পাহাড় সমান চাহিদা। আড়াই থেকে তিন কেজি ভাত, সঙ্গে মাংস, মাছ, ডিম, ডাল, তরকারি—সব মিলিয়ে দিনে পাঁচবার রান্না না করলে নাকি শান্তি নেই কিশোরটির। গ্রামের লোকজন অবাক হয়ে দেখেন একসাথে ১৫টা রুটি কিংবা পুরো হাঁড়ি ভর্তি ভাত নিমেষে উধাও করে দিচ্ছে সে। কারও কারও চোখে সে ‘আধমনি কৈলাশ’, আবার কারও কাছে বিস্ময়ের নাম।
কিন্তু পরিবারের কাছে বিষয়টি হাস্যরস নয়, একেবারেই দুঃসহ বাস্তব। দিন আনা দিন খাওয়া বাবা ছেলের চিকিৎসার খরচ বহন করতে অক্ষম। স্থানীয় চিকিৎসকরা খাওয়ায় সংযম, হাঁটা আর ব্যায়ামের পরামর্শ দিলেও তার শরীরের ভার দিন দিন বেড়েই চলেছে। অসুস্থ মা পিয়ারুন বিবি প্রতিদিন কষ্টে রান্না করে দেন; খাবার দেরি হলে ছেলের রাগ সামলানো দায়। গ্রামের বাচ্চারা চেহারা নিয়ে মজা করলেও সম্প্রতি দেখা গেছে—সে নিজেই ঘুগনি বানিয়ে খাচ্ছে, আবার বিক্রিও করছে। চিকিৎসকরা বলছেন, এই কিশোরের শরীর পরীক্ষা না করলে আসল কারণ ধরা সম্ভব নয়; মানসিক থেকে হরমোন কিংবা পাকস্থলির সমস্যাও এর নেপথ্যে থাকতে পারে। আর তাই অসহায় বাবা মুনশাদ এখন মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করেছেন, ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আশায়।







