নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশেষে পেতে চলেছেন স্বস্তি। শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। তবে আদালতের কড়া শর্তে আপাতত জেলমুক্তি হচ্ছে না তাঁর।
বিচারপতি সুভ্রা ঘোষের বেঞ্চ এদিন জামিনের নির্দেশ দেন। রায়ে বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে পাসপোর্ট জমা রাখতে হবে ও নিম্ন আদালতের এলাকা ছেড়ে বাইরে যাওয়া যাবে না। এছাড়াও মামলার সাক্ষীদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারবেন না তিনি। তদন্তে ইডি ও সিবিআইকে সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে। পাশাপাশি মোবাইল নম্বর পরিবর্তনও নিষিদ্ধ করা হয়েছে। কলকাতা উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ মুক্তি পেলেও আপাতত জনপদস্থ কোনো দায়িত্ব নিতে পারবেন না পার্থ চ্যাটার্জি। এমনকি বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার অনুমতিও নেই।
প্রায় তিন বছরের বেশি সময় ধরে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর ঠিকানা রয়েছে পুলিশ হেফাজত। একের পর এক মামলায় জামিন পেলেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশই বর্তমানে মুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, জামিন কার্যকর হওয়ার আগে নিম্ন আদালতকে ৪ সপ্তাহের মধ্যে চার্জ গঠন করতে হবে। তারপরে ২ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিভুক্ত করা বাধ্যতামূলক। এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হবে। আইন বিশেষজ্ঞদের মত, হাইকোর্টের রায় পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বড় স্বস্তি হলেও তাঁর মুক্তি নির্ভর করছে নিম্ন আদালতের দ্রুত পদক্ষেপের ওপর। চার্জ গঠন ও সাক্ষ্যগ্রহণ শেষ হলেই কার্যকর হতে পারে তাঁর জামিন।







