রেললাইনের ওপর দিয়ে নয়, বরং লাইনের থেকে খানিকটা উপরে ভেসেই ছুটবে এই অত্যাধুনিক ট্রেন। বলা যায়, আকাশপথের মতোই উড়বে এই ট্রেন। লাইনের সঙ্গে কোনও প্রকার স্পর্শ না থাকায় নেই কোনও ঘর্ষণ, আর তাতে শব্দও হয় না বললেই চলে। তার সঙ্গে রয়েছে রীতিমতো চমকপ্রদ গতি। চোখের পলক ফেলার আগেই দূরত্ব অতিক্রম করতে সক্ষম এই বাহন।
চিন ইতিমধ্যেই সফলভাবে পরীক্ষা চালিয়েছে বিশ্বের এই সর্বোচ্চ গতিসম্পন্ন ট্রেনের। এক ঘণ্টায় ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই ট্রেন। অর্থাৎ, কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব মাত্র এক ঘণ্টায়। চালকবিহীন এই ট্রেন ভবিষ্যতের পরিবহণ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে। বিশেষ ভ্যাকুয়াম টিউবের মধ্যে এই ট্রেনের পরীক্ষামূলক যাত্রা হয়েছে, যেখানে বায়ুর সঙ্গে কোনও ঘর্ষণ হয় না। ব্যবহার করা হয়েছে উন্নত ম্যাগলেভ প্রযুক্তি, যা চুম্বকীয় শক্তির সাহায্যে ট্রেনটিকে লাইনের উপর ভাসিয়ে রাখে।
বর্তমানে ম্যাগলেভ ট্রেনগুলির সর্বোচ্চ গতি ৪৩০-৬০০ কিমি প্রতি ঘণ্টা হলেও, নতুন প্রযুক্তিতে সেই গতি বাড়িয়ে ১০০০ কিমি প্রতি ঘণ্টায় উন্নীত করার কাজ প্রায় সম্পন্ন। উল্লেখযোগ্য, বোয়িং-এর মতো কিছু যাত্রীবাহী বিমানের গতিও যেখানে ৯২৫ কিমি প্রতি ঘণ্টা, সেখানে এই ট্রেন হয়তো ভবিষ্যতে বিমানের গতিও ছাপিয়ে যেতে পারে। দীর্ঘ দূরত্বে দ্রুত যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব আনতে চলেছে এই উচ্চগতির ম্যাগলেভ ট্রেন।







